২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের নতুন ব্রাউজারে কর্টানা

আসন্ন উইন্ডোজ ১০-এর নতুন ওয়েব ব্রাউজারে কর্টানা ফিচার যোগ করবে মাইক্রোসফট। কর্টানা হচ্ছে মাইক্রোসফটের ইনটেলিজেন্স সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট সার্ভিস।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 09:14 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

মাইক্রোসফট তাদের বহুদিনের ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে উইন্ডোজ ১০-এ ‘স্পার্টান’ নামে নতুন ওয়েব ব্রাউজার যোগ করার কথা রয়েছে। এক প্রতিবেদনে প্রযুক্তিসংবাদবিষয়ক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, নতুন ওই ব্রাউজারে যুক্ত হতে যাওয়া ফিচারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোসফটের কর্টানা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এতদিন পর্যন্ত ইন্টারনেট এক্সপ্লোরারে বিং ব্যবহার করে যে কাজগুলো করা যেত, স্পার্টানে ঐ কাজগুলো করা যাবে কর্টানার মাধ্যমে। এছাড়া মাইক্রোসফট কর্টানা ব্যবহার করে এয়ারলাইন, হোটেল বুকিং, প্যাকেজ ট্র্যাকিংয়ের মতো তথ্য সরবরাহের পরিকল্পনা করছে। এর ফলে কেউ যদি কোনো নির্দিষ্ট এয়ারলাইন্সের খবরাখবর রাখতে চান, তবে তা আগেই ট্র্যাক করে রাখলে কর্টানা সার্চের সময় ঐ এয়ারলাইন সম্পর্কিত তথ্যগুলো আগে দেখানো হবে।

কর্টানা ছাড়াও স্পার্টানে যুক্ত হচ্ছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ ক্লাউড স্টোরেজ চালিত ওয়েব নোট সার্ভিস। এর মাধ্যমে কেউ চাইলে কোনো একটি ওয়েব পেইজের কপি জমা করে রাখতে পারবেন। এর ফলে অন্যান্য ব্রাউজার থেকেও জমাকারির বন্ধুদের পক্ষে সেই ওয়েব পেইজ দেখা সম্ভব হবে। এমনকি ঐ কপিতে কোন কিছু চিহ্নিত করা থাকলে, সেটাও দেখতে পারবেন অন্য ব্যবহারকারীরা।

উইন্ডোজ ১০-এর ওয়েব ব্রাউজার সম্পর্কে মাইক্রোসফটের পরিকল্পনা জানতে চাইলে, প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র 'কিছুই বলার নেই' বলে জানান।