হাজার মাইল গতির গাড়ি আসছে
ঘণ্টায় হাজার মাইল পাড়ি দিতে পারবে এমন সুপারসনিক গাড়ি তৈরি করা হয়েছে। ছুড়ে দেওয়া বুলেটের চেয়েও দ্রুতগতিতে ছুটতে সক্ষম এ গাড়িটির নাম দেওয়া হয়েছে ব্লাডহাউন্ড সুপারসনিক কার।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, সুপারসনিক এ গাড়িটির মাধ্যমে বিশ্বে স্থলপথে সর্বোচ্চ গতির রেকর্ড গড়ার পরিকল্পনাও রয়েছে নির্মাতাদের।
টাইটানিয়াম ও কার্বন ফাইবারে তৈরি ব্লাডহাউন্ড এসএসসি ছয় বছর সময় ধরে তৈরি করা হয়েছে। নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক নির্মাতা দল দৈর্ঘ্যে ৪২ ফুট লম্বা এ গাড়িটিকে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার হাস্কিন প্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।
সুপারসনিক এ গাড়িটি প্রসঙ্গে রয়াল এয়ার ফোর্সের প্রাক্তন উইং কমান্ডার ও ফাইটার জেট পাইলট অ্যান্ডি গ্রিন জানিয়েছেন, জেট ফাইটার, ফর্মুলা ১ রেসার ও স্পেস রকেট প্রযুক্তির সমন্বয়ে তৈরি গাড়িটিতে কোনো রাবার ব্যবহার করা হয়নি। কারণ ঘণ্টায় ৪৫০ মাল বেগে ছুটলেই গাড়ির টায়ার আর চলার উপোযোগী থাকে না। এই সমস্যা সমাধানে ব্যবহার করা হয়েছে খাঁটি অ্যালুমিনিয়াম।
এছাড়াও ব্লাডহাউন্ড এসএসসি নামের এ গাড়িটির মোট তিনটি ইঞ্জিন এক লাখ ৩৫ হাজার হর্সপাওয়ার উৎপন্ন করে ও গাড়িটিকে ঘণ্টায় এক হাজার মাইল গতিতে নিয়ে যেতে রকেট বুস্টার ব্যবহার করা হয়েছে বলেই জানিয়েছে সিএনএন।
গ্রিন এ প্রকল্প প্রসঙ্গে জানিয়েছেন, পুরো বিষয়টিই হচ্ছে প্রযুক্তিকে আরও উন্নত করে তোলার প্রচেষ্টা ও নতুন বিষয় আবিষ্কার করা।
