‘স্যার ভায়াগ্রা’!
নাইটহুডে সম্মানিত হয়েছেন ‘ফাদার অফ ভায়াগ্রা’-খ্যাত ব্রিটিশ রসায়নবিদ ড. সিমন ক্যাম্পবেল। ২০১৫ সালের জন্য নাইটহুড প্রাপ্তদের মধ্যে আরও আছেন ইউটিউব সেলিব্রেটি কেমিস্ট প্রফেসর মার্টিন পোলায়াকফ এবং ‘নাইট ব্যাচেলর’ উপাধি পেয়েছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ফারমার্স ইউনিয়ন (এনএফইউ)-এর সাবেক প্রধান পিটার কেন্ডেল।
উচ্চ রক্তচাপ নিরাময়ে ডা. ক্যাম্পবেল ২৬ বছর ধরে তিনটি ওষুধ নিয়ে গবেষণা চালান। তিনটি ওষুধের শেষটি ছিল সিলডিনাফিল, যা পরবর্তীতে ‘গুরুত্বপূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ার’ জন্য জনপ্রিয়তা পায় বলে জানিয়েছে বিবিসি।
ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান ফাইজার ওই ওষুধকেই পরে ভায়াগ্রা নামে বাজারজাত করে।
অন্যদিকে পরিবেশবান্ধব রসায়ন নিয়ে গবেষণার জন্য ইউটিউব সেলিব্রেটিতে পরিণত হয়েছেন ইউনিভার্সিটি অফ নটিংহ্যামের প্রফেসর মার্টিন পোলায়াকফ। নাইট উপাধি প্রাপ্তি নিয়ে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, “যে কারও জন্যই নাইট উপাধি একটি উল্লেখযোগ্য অর্জন”। পোলায়াকফ জানিয়েছেন, ভক্তদের উৎসাহই তার কাজের প্রধান চালিকা শক্তি।
পোলায়াকফ বলেন “পাঁচ সপ্তাহে ১২০টি ভিডিও বানিয়েছিলাম আমরা”। রাসায়নিক উপাদান নিয়ে ‘শর্ট ফিল্ম’ তৈরির আইডিয়ার জন্য সাংবাদিক ব্র্যাডি হারানকে ধন্যবাদ জানান তিনি। দর্শকদের চাহিদার উপর ভিত্তি করে ভবিষ্যতেও তাদের ইউটিউব চ্যানেলে এই রকম আরও ভিডিও পোস্ট অব্যাহত থাকবে বলে জানান তিনি।
