২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি থেকেই আঙ্গুলের ছাপ নকল

বাজারের প্রচলিত ক্যামেরায় তোলা ছবি থেকে জার্মানীর প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ফনদের লায়েনের আঙুলের ছাপ হুবুহু নকল করার দাবি করেছেন হ্যাকারদের সংগঠন ‘কেওস কম্পিউটার ক্লাব’-এর এক সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 06:56 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

ইয়ান ক্রিসলার নামে হ্যাকার দলটির ওই সদস্য দাবি করেছেন, সাধারণ একটি ক্যামেরার মাধ্যমে তোলা ছবি আর বাজারে প্রচলিত সফটওয়্যার ব্যবহার করেই জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর আঙুলের ছাপ নকল করতে সমর্থ হয়েছেন তিনি।

হ্যাকারদের তিন দশকের পুরনো সংগঠন কেওস কম্পিউটার ক্লাবের আয়োজিত এক সম্মেলনে ক্রিসলার ওই দাবি করেন বলে জানিয়েছে বিবিসি।

সম্মেলনে ক্রিসলার দাবি করেন, অক্টোবর মাসে এক সংবাদ সম্মেলনে কাছাকাছি থেকে তোলা উরসুলা ফন দের লায়েনের বুড়ো আঙুলের ছবি সংগ্রহ করেন তিনি। পাশাপাশি বিভিন্ন কোণ থেকে তোলা আরও কিছু ছবি মিলিয়ে আঙুলের ছাপ নকল করতে সমর্থ হন। বিবিসি জানিয়েছে, “সম্ভবত এই তথ্য জানার পরে রাজনীতিবিদরা হাতে গ্লাভস না পরে কোনো বক্তৃতা দেবেন না”-- সম্মেলনে অনেকটা ঠাট্টার ছলেই মন্তব্য করেন ক্রিসলার।

অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের তৈরি ডিভাইসগুলোতে নিরাপত্তার মাধ্যম হিসেবে আঙ্গুলের ছাপ ব্যবহৃত হয়ে থাকে। এমনকি ব্রাজিলে রাষ্ট্রীয় ভোট গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার সনাক্ত করার পদ্ধতি চালু রয়েছে। তবে বিশেষজ্ঞরা এখন এই ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।