চীনে জিমেইল ‘ব্লকড’
ওয়েব জায়ান্ট গুগলের ইমেইল সেবা জিমেইল ব্লক করে দিয়েছে চীন। গুগল এবং ইন্টারনেট সংযোগ ব্যবস্থাবিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান ডিন (Dyn) রিসার্চ নিজস্ব তথ্যের ভিত্তিতে এই খবরের সত্যতা নিশ্চত করেছে।
গুগলের ‘ট্রান্সপারেন্সি রিপোর্ট’-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, চীন থেকে জিমেইল ব্যবহারের পরিমাণ প্রায় শূণ্যের কোঠায় নেমে এসেছে।
ডিন রিসার্চ জানিয়েছে চীনে যে আইপি-অ্যাড্রেসের মাধ্যমে জিমেইল সেবা পেতেন দেশটির ব্যবহারকারীরা, ব্লক করে দেওয়া হয়েছে ওই আইপি অ্যাড্রেসগুলো।
এ প্রসঙ্গে ডিন রিসার্চের ডেটা অ্যনালেটিকস বিভাগের ভাইস-প্রেসিডেন্ট আর্ল জমিয়েস্কি বলেন, “চীন কন্টেন্ট ব্লকের জন্য বেশ কিছু পন্থা অবলম্বন করে। এর মধ্যে সবচেয়ে কৌশলী পন্থাটি হচ্ছে আইপি অ্যড্রেস ব্লক করে দেওয়া। যখন কোন আইপি অ্যড্রেস ব্লক করা হয়, তখন সেটির সঙ্গে ওই আইপির সব কন্টেন্টও ব্লক হয়ে যায়।”
অধিকাংশ ক্ষেত্রে হংকংয়ের আইপি অ্যাড্রেসের মাধ্যমে চীনে জিমেইল সেবা দেওয়া হত। ছয়টি ভিন্ন স্থান থেকে পরীক্ষা করে আইপি অ্যাড্রেসগুলো ব্লক করে রাখা হয়েছে বলে নিশ্চিত হয়েছে ডিন রিসার্চ।
চীন ও গুগলের সম্পর্কের জটিলতা নতুন কিছু নয়। চলতি বছরের জুনে তিয়েনামেন স্কয়্যার বিক্ষোভের ২৫ বছর পূর্তির আগেই গুগলের সব সেবা ব্লক করে দিয়েছিল চীন।
