অনলাইনেই ইন্টারভিউয়ের কোটি ডলার
হ্যাকিং ও সন্ত্রাসী হামলার হুমকির মধ্যেই অনলাইনে মুক্তির প্রথম চার দিনে দেড় কোটি ডলার আয় করেছে সনি পিকচার্সের বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’। কমেডি ঘরানার এই চলচ্চিত্রটিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং-উনকে গুপ্তহত্যার কাল্পনিক চেষ্টা দেখানো হয়েছে।
২৪ ডিসেম্বর অনলাইনে মুক্তি দেওয়া হয় চলচ্চিত্রটি। ২৭ ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্রটি ২০ লাখেরও বেশি কপি ডাউনলোড হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ‘দ্য ইন্টারভিউ’ মুক্তি পাওয়ার আগেই চলচ্চিত্রটির কাল্পনিক কাহিনীতে ক্ষিপ্ত হয়ে সনি পিকচার্সের উপর সাইবার আক্রমণ চালিয়েছিল হ্যাকারদের দল ‘গার্ডিয়ানস অফ পিস’।
ছবিটি মুক্তি দেওয়া হলে থিয়েটার ও দর্শকদের উপর সন্ত্রাসী আক্রমণের হুমকিও দেওয়া হয়েছিল।
হুমকির মুখে যুক্তরাষ্ট্রের বড় থিয়েটার চেইনগুলো চলচ্চিত্রটির প্রদর্শনী বাতিল করে। এই পরিস্থিতিতে বড়দিন উপলক্ষ্যে স্বল্প সংখ্যক সিনেমা হলে মুক্তি পায় ‘দ্য ইন্টারভিউ’।
গুগলের মালিকানাধীন ইউটিউব ও গুগল প্লে’র মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডা’র দর্শকরা ছবিটি দেখতে পারবেন। এ ছাড়াও মাউক্রোসফটের এক্সবক্স ভিডিও এবং এর ওয়েবসাইট থেকে পাঁচ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে ৪৮ ঘন্টার জন্য চলচ্চিত্রটির এইচডি সংস্করণ ভাড়া নেওয়া যাবে। আর ‘দ্য ইন্টারভিউ’-এর এইচডি সংস্করণ কিনতে চাইলে খরচ পড়বে ১৪ ডলার ৯৯ সেন্ট।
