২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কমছে ইন্টারনেটে, বাড়ছে বৈষম্য

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে কমছে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা, বাড়ছে বৈষম্য। ওই প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী সাধারণ ব্যবহারকারীদের সরকার সমর্থিত বাহিনী কর্তৃক অনৈতিক নজরদারির শিকার হওয়ার ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 06:45 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

এ ধরনের সাইবার নজরদারি ঠেকাতে কার্যকর কোনো আইন নেই বিশ্বের ৮৪ শতাংশ দেশে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের ওই বার্ষিক প্রতিবেদনের সূত্র ধরে ইন্টারনেট সেবা বিশ্বব্যাপী মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক স্যার টিম বার্নার্স-লি।

স্যার টিমের নেতৃত্বে ৮৬টি দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অগ্রগতিতে ওয়েবের প্রভাব নিয়ে গবেষণা চালিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট প্রযুক্তির অগ্রগতিতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ধনী দেশগুলোর নাগরিকরা। ইন্টারনেট সেবায় নিরপেক্ষতা নিশ্চিত করে এমন আইন নেই ৭৪ শতাংশ দেশে। যে কোনো সামাজিক বা রাজনৈতিক কর্মকাণ্ডে ইন্টারনেটের প্রভাবের ব্যাপারে নিশ্চিত করেছে ৬২ শতাংশ দেশ।

অনলাইনে নারীদের ব্রিবতকর বা অপমানজনক পরিস্থিতি থেকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না ৭৪ শতাংশ দেশ। 

ওই প্রতিবেদনের ভিত্তিতে ইন্টারনেট সেবাকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন স্যার টিম।

“এতে সবার জন্য সাশ্রয়ী খরচে ইন্টারনেট অ্যাকসেস নিশ্চিত হবে। বাণিজ্যিক এবং রাজনৈতিক বৈষম্য ছাড়াই ইন্টারনেট সেবা মিলবে। নিরাপদ থাকবে ব্যক্তিগত তথ্য, নিশ্চিত হবে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা।”--মন্তব্য করেছেন স্যার টিম।