অফলাইনে পাইরেট বে
বন্ধ হয়ে গেছে পাইরেটেড কনটেন্টের বহুল আলোচিত ওয়েবসাইট পাইরেট বে। সুইডেনে স্টকহোম পুলিশ ওয়েবসাইটটির সার্ভার জব্দ করায় টানা কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো বন্ধ রয়েছে সাইটটি।
বিবিসি জানিয়েছে, অভিযান চালিয়ে সার্ভার জব্দ করার খবর নিশ্চিত করেছে স্টকহোম পুলিশ। সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করলেও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা নিশ্চিত করেনি স্থানীয় পুলিশ বাহিনী।
১০ বছরেরও বেশি সময় ধরে চালু ছিল পাইরেট বে। এর মধ্যে পশ্চিমা বিশ্বের মেধাস্বত্ত্বনির্ভর শিল্পে কর্মকর্তাদের চক্ষুশূলে পরিণত হয় সাইটটি। বিভিন্ন আইনী পদক্ষেপের মাধ্যমে সাইটটি ব্লক করে দেওয়া হয়েছে একাধিকবার।
তারপরও সাইটটি পুরোপুরি বন্ধে এতদিন ব্যর্থ হয়ে এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টরেন্টফ্রিক জানিয়েছে, পাইরেট বের সঙ্গে বন্ধ হয়েছে আরও কয়েকটি টরেন্ট ওয়েবসাইট। বুধবার কোস্টা রিকার ওয়েব অ্যাড্রেসে পাইরেট বে আবারও চালু হয়েছে এমন খবর শোনা গেলেও সাইটটি মূল সাইটের কপি বা ‘মিরর’ সাইট বলে জানিয়েছে বিবিসি।
