প্রয়াণে গেইম কনসোল উদ্ভাবক
চলে গেলেন বিশ্বের প্রথম হোম ভিডিও গেইম সিস্টেম উদ্ভাবক র্যালফ হেনরি বেয়ার। শনিবার নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।
নিউ ইয়র্ক টাইমসের দেয়া তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে বাজারে আসে বেয়ার আর তার সহকর্মীদের নির্মিত বিশ্বের প্রথম হোম ভিডিও গেইম কনসোল ‘ওডিসি’। প্রথম বছরেই ১ লক্ষ ৩০ হাজার ওডিসি কেনসোল বিক্রি হয়েছিল।
২০০৬ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ‘ন্যাশনাল মেডাল অফ টেকনোলজি’ প্রদান করেন বেয়ারকে। ২০১০ সালে তার নাম ‘ন্যাশনাল হল অফ ফেইমের’ অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বব্যাপী দেড়শ পেটেন্ট করা ডিজাইন আছে বেয়ারের।
র্যালফ হেনরি বেয়ার ১৯২২ সালের ৮ মার্চ জার্মানির এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিল জুতা কারখানার কর্মচারী। হিটলারের শাসনামলে ১৯৩৮ সালে নিউ ইয়র্ক চলে আসে তাদের পরিবার। ১৯৪৩ সালে বেয়ার সেনাবাহিনীতে যোগদান করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দায়িত্ব পালন করেন।
