২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা

১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৪’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 07:48 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবন অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই মেলার ঘোষণা দেওয়া হয়। আয়োজক কর্তৃপক্ষ এক্সপো মেকার জানিয়েছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা তৃতীয় প্রদর্শনী।

১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দর্শক-ক্রেতাদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। তবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকেল ৪ টায়। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলার আয়োজকরা আরও জানিয়েছেন, মেলার শেষ দিন ১৪ ডিসেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এক্সপো মেকার ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) আয়োজনে অুনষ্ঠিত হবে বিশেষ সংলাপ ‘কেমন ইন্টারনেট চাই’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মেলা উপলক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে ক্রেতাদের। মেলায় আরও থাকবে মোবাইল গেইমিং কনটেস্ট । এছাড়া অ্যাপ প্রদর্শনীর জন্য একটি অ্যাপ জোনেরও ব্যবস্থা রাখা হয়েছে। প্রযুক্তি প্রেমিদের উৎসাহ যোগাতে বিভিন্ন বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে মেলায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।  প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় অথবা আইডিকার্ড প্রদর্শন করলে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

মেলার টাইটেল স্পন্সর হিসেবে আছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। কো-স্পন্সর হিসেবে থাকছে আসুস, হুয়াওই, লেনভো, স্যামসাং ও সিম্ফনি।