ভার্চুয়াল অ্যাপে পল ম্যাকার্টনির কনসার্ট
নতুন ফ্রি অ্যাপের সাহায্যে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর ক্যান্ডলস্টিক পার্কে আয়োজিত নিজ কনসার্টকে ৩৬০ ডিগ্রিতে রেকর্ড করে, প্রথম ভার্চুয়াল রিয়ালিটি গ্রহণকারী সংগীততারকাদের খাতায় নাম লেখালেন ব্রিটিশ গায়ক ও সাবেক বিটলস স্যার পল ম্যাকার্টনি।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ম্যাকার্টনির এই কনসার্টটি গত অগাস্ট মাসে অনুষ্ঠিত হয়েছিল।
ম্যাশএবলের তথ্য অনুসারে, পাঁচ ইঞ্চি স্ক্রিনের প্রায় যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফ্রি অ্যাপটি চলবে। এছাড়া অ্যাপটি গুগলের কার্ডবোর্ড ভার্চুয়াল রিয়ালিটি গগলসের সাহায্য নিয়ে থাকে যা ব্যবহারকারীরা সুলভমূল্যে কিনতে বা দশ পাউন্ডের ভেতরেই তৈরি করে নিতে পারবেন।
অ্যাপটির মাধ্যমে দর্শকরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাকার্টনির লাইভ-পারফর্মেন্স দেখতে পারবেন এবং দর্শক কনসার্টের কোন স্থানটি দেখছেন তার উপর নির্ভর করে এর থ্রিডি সাউন্ড পরিবর্তিত হতে থাকবে।
অভিনব এই অ্যাপটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ভার্চুয়াল রিয়ালিটি কন্টেন্ট নির্মাতা প্রতিষ্ঠান জন্ট। প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডে ডলবির চেয়ারম্যান পিটার গচার ও স্কাইয়ের এন্টারটেইনমেন্ট পরিচালক স্টুয়ার্ট মারফি রয়েছেন বলেই জানিয়েছে ম্যাশএবল।
জন্টের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেন্স ক্রিস্টেনসেন অ্যাপটিতে ম্যাকার্টনির কনসার্ট দেখা প্রসঙ্গে জানিয়েছেন, এটিতে যেভাবে দেখা, শোনা ও অনুভব করা যাবে, সেটি আগের কোনো কিছুর সঙ্গে তুলনা করা সম্ভব নয়।
