২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও পাঁচটি কাজে লাগে গুগল ‘ইনবক্স’

নভেম্বরে ওয়েব জায়ান্ট গুগল নিয়ে এসেছে নতুন ইমেইল ইন্টারফেইস ‘ইনবক্স’। প্রতিষ্ঠানটি ইমেইল সংক্রান্ত কাজকে আরও সহজ করতে নতুন এই ইন্টারফেইসটিতে যোগ করেছে বেশ কিছু ফিচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 02:19 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে গুগল ইনবক্সের উপকারী পাঁচটি ফিচার সম্পর্কে জানিয়েছে। ওই প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেওয়া যাক, সে পাঁচ ফিচারের সুবিধা সম্পর্কে-

১. পিন

গুরুত্বপূর্ণ ইমেইল সম্পর্কে যদি প্রায়ই ভুলে যাওয়ার (বদ) অভ্যাস থেকে থাকে বা তা খুঁজে বের করতে যদি বিরক্তবোধ করেন, তাহলে সাহায্য নিতে পারেন ‘পিন’ ফিচারের। ম্যাশএবলের নির্দেশনা অনুসারে এই ফিচারটির সুবিধা পেতে আপনাকে শুধু গুরুত্বপূর্ণ ইমেইলটিতে গিয়ে পুশ-পিন আইকনে ট্যাপ করতে হবে। পিন হয়ে যাওয়া ইমেইল ‘আন-পিন’ করার আগ পর‌্যন্ত আপনার ইনবক্সের প্রথম সারিতেই থাকবে। আপনি চাইলে এ সংক্রান্ত একটি ফাংশনও চালু করে নিতে পারেন যা শুধু পিন করা ইমেইলগুলোই আপনাকে দেখাবে।

২. প্রিভিউ

এই ফিচারের সাহায্যে মেইল না খুলেই মেইলের সঙ্গে আসা অ্যাটাচমেন্ট দেখতে পারবেন। ইনবক্সের এই ফিচারটি আপনাকে দেখাবে মেইলের সঙ্গে আসলে ‘কী’ অ্যাটাচমেন্ট ফাইল রয়েছে। সেই অ্যাটাচমেন্ট ফাইলটি ভিডিও, ছবি, ডকুমেন্ট যাই হোক না কেন, প্রিভিউ ফিচারের সাহায্যে মেইলটি না খুলেই দেখে নিতে পারবেন তা।

৩. বান্ডল

বান্ডল ফিচারটি গুগল ইনবক্সে আসা মেইলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন শ্রেণিতে ভাগ করবে। বিষয়টি অনেকটাই জিমেইলের প্রাইমারি, সোশাল ও প্রমোশন ট্যাবের মতো। কিন্তু ইনবক্সে এর বিস্তৃতি আরও বড়। ইনবক্সের বিল্ট-ইন শ্রেণিবিভাগে ট্রাভেল, পারচেস, ফিনান্স এবং আপডেটস চারটি বিভাগ থাকবে। চাইলে নিজস্ব ইমেইলের জন্য নতুন শ্রেণি যোগ করার সুবিধাও থাকবে বলে জানিয়েছে ম্যাশএবল। ফিচারটির সাহায্যে হাজারো ইমেইলের মধ্য থেকে প্রয়োজনীয় ইমেইলটি খুঁজে পাওয়া সম্ভব হবে সহজেই।

৪.  সুইপ

সুইপ ফিচারের সাহায্যে বর্তমানে প্রয়োজন নেই এমন সম্পূর্ণ একটি ইমেইল বান্ডল সহজেই আর্কাইভে পাঠিয়ে দেওয়া যাবে। ফিচারটির সাহায্যে ইনবক্স পরিষ্কার রাখার জন্য আপনাকে অতিরিক্ত কোনো সময় ব্যয় করতে হবে না। এ জন্য যে বান্ডলটিকে আর্কাইভ করতে চাচ্ছেন শুধু সে ইমেইল বান্ডলের উপরের সুইপ চেক মার্কে ক্লিক করতে হবে, ব্যস নিমিষেই দেখবেন আপনার ইমেইল বান্ডলটি ইনবক্স থেকে অদৃশ্য হয়ে গেছে। বান্ডলে যদি ‘পিনড’ মেসেজ থেকে থাকে, তাহলেও চিন্তার কোনো কারণ নেই। পিন করা মেসেজগুলো আপনার ইনবক্সেই রয়ে যাবে।

৫. স্নুজ

এমন কোনো মেইল আসতেই পারে, যার জবাব দেওয়াটা খুবই জরুরি। কিন্তু ঠিক সে মুহূর্তে তথ্যের অভাবে বা অন্য কোনো কারণে উত্তর পাঠাতে পারছেন না। হয়ত তার ঘণ্টা কয়েক পরেই আপনি মেইলটির উত্তর পাঠাতে পারবেন। কিন্তু সে সময় যে উত্তর পাঠানোর কথাটি আপনার খেয়াল থাকবে তার কী নিশ্চয়তা আছে? ব্যস্ততার কারণে ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক। এ জন্য ব্যবহার করতে পারেন ইনবক্সের স্নুজ ফিচার।

ম্যাশএবল জানিয়েছে, এই ফিচারটির সাহায্যে যখন উত্তর পাঠাতে পারবেন সে রকম একটি সময় নির্ধারণ করে দিলে, ইমেইলটি তখন আপনার ইনবক্স থেকে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু আপনার নির্ধারণ করে দেওয়া সময়ে আবার ইনবক্সে এসে উপস্থিত হবে। স্নুজ ফিচারের এই সুবিধাটি পেতে আপনাকে শুধু ক্লক আইকন থেকে পছন্দসই একটি সময় নির্ধারণ করে দিলেই চলবে।