২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে ঘি ঢেলেছিল জবসের দম্ভ!

প্রযুক্তি জগতের সাম্প্রতিক সবচেয়ে বেশি আলোচিত ঘটনাগুলোর একটি হল, ক্যালিফোর্নিয়ার আদালতে টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে চলতি মামলা। মামলায় অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ-- আইপডে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মিউজিক স্ট্রিমিং সেবা ব্যবহার বন্ধে বেআইনীভাবে তৎপর হয়েছিল প্রতিষ্ঠানটি। মামলায় বাদিপক্ষের অনেকেই আইপড ব্যবহারকারী।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 06:21 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

আইপড ব্যবহারকারীদের ক্ষেপিয়ে দিয়ে থাকতে পারে তৎকালীন অ্যাপল কাণ্ডারী স্টিভ জবসের দাম্ভিক বক্তব্য।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর ছয় মাস আগে ২০১১ সালের এপ্রিল মাসে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন জবস। জবসের ওই সাক্ষ্যের লিখিত কপি প্রথমবারের মতো জনসমুক্ষে প্রকাশ করা হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। ওই সাক্ষাৎকারে জবসের দাম্ভিক আচরণ ঘি ঢেলে থাকতে পারে আইপড ব্যবহারকারীদের ক্ষোভের আগুনে।

২০০৪ সালে অ্যাপল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সেবা আইপডে ব্যবহার ঠেকাতে কোনো পদক্ষেপ নিয়েছিল কি না এ বিষয়ে আদালতে জবসকে প্রশ্ন করেছিলেন বাদীপক্ষের আইনজীবী। সেই আইনজীবী বেশ কিছু প্রশ্ন করেন ‘রিয়ালনেটওয়ার্কস’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যাপারে।

আইটিউনসের বিকল্প মিউজিক স্ট্রিমিং সেবা তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। রিয়ালনেটওয়ার্ক থেকে ডাউনলোড করা এমপিথ্রি চালানো যেত আইপডসহ যে কোনো মিউজিক প্লেয়ারে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে জবস পাল্টা প্রশ্ন করেন, “প্রতিষ্ঠানটি কি এখনও আছে।”

আদালতে সাক্ষ্য দেওয়ার পুরোটা সময়েই দাম্ভিক আচরণ করেন জবস, এড়িয়ে গেছেন অনেক প্রশ্ন। “আমি জানি না”, “আমার মনে পড়ছে না”, “আমার মনে নেই”-- দুই ১২০ মিনিটের সাক্ষে জবস এমন উত্তর দিয়েছিলেন ৭৪ বার।