২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনি হ্যাক যথার্থ: উত্তর কোরিয়া

সনি পিকচার্সের কম্পিউটার সিস্টেম হ্যাক হওয়ার ঘটনায় হলিউডি প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্তব্যক্তিরা দুষছেন উত্তর কোরিয়াকে। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করলেও এই সাইবার আক্রমণকে ‘সৎকর্ম’ বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (কেসিএনএ)।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 06:19 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সনির উপর সাইবার আক্রমণের প্রশংসাই করেছে কেসিএনএ। “সনি পিকচার্স হ্যাকিংয়ের ঘটনা উত্তর কোরিয়ার সমর্থকদের সৎকর্ম হতে পারে।”--বলা হয়েছে কেসিএনএর প্রতিবেদনে।

তবে এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগও অস্বীকার করে গেছে কেসিএনএ। এই ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টকার অভিযোগ ‘ভুয়া গুজব’ বলে উড়িয়ে দিয়েছে সংবাদ সংস্থাটি।

তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সন্দেহের আঙুল উত্তর কোরিয়ার দিকেই। দক্ষিণ কোরিয়ার উপর সাম্প্রতিক সাইবার আক্রমণ এবং সনির উপর সাইবার আক্রমণের ঘটনায় ব্যবহার ম্যালওয়্যারে মিল পেয়েছেন বিশেষজ্ঞরা। উভয় ক্ষেত্রেই ম্যালওয়্যারগুলো লেখা হয়েছিল কোরিয়ান ভাষায়।

ওই ঘটনার সঙ্গে মুক্তির অপেক্ষায় থাকা সনি পিকচার্সের নতুন সিনেমা ‘দ্য ইন্টারভিউ’-এর জোগসূত্র কুঁজে পাচ্ছেন অনেকেই। সেথ রজেন ও জেমস ফ্রাঙ্কো অভিনীত কমেডি সিনেমার মূল বিষয়বস্তু উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনকে গুপ্তহত্যার চেষ্টা।

জুন মাসেই সিনেমাটিকে ‘অ্যাক্ট অফ ওয়ার’ বলে আখ্যা দিয়েছিল উত্তর কোরিয়া কর্তৃপক্ষ।