২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় ‘সনি-পোক্যালিপস’

সম্প্রতি সাইবার আক্রমণের শিকার হয়েছে শীর্ষ হলিউডি প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স। সনির উপর এই সাইবার আক্রমণের ঘটনাকে প্রযুক্তিশিল্পের কেউ কেউ অ্যাখ্যা দিচ্ছেন সর্বকালের সবচেয়ে নেতিবাচক হ্যাকিংয়ের ঘটনার মধ্যে একটি হিসেবে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 06:08 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

হ্যাকিংয়ের ঘটনায় চুরি হয়েছে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, কর্মীদের স্পর্শকাতর ডেটা, তারকা অভিনেতা-অভিনেত্রীদের সোশাল সিকিউরিটি নম্বরসহ মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার ফুটেজ।

মার্কিন সংবাদমাধ্যমে সিএনএন জানিয়েছে, এই ঘটনাকে ‘সনি-পোক্যালিপস’ নামে আখ্যা দিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষক অ্যাড্রিয়ান সানাব্রিয়া। ঘটনা এতটাই গুরুতর অন্য প্রতিষ্ঠানগুলোকে সনির উপর সাইবার আক্রমণের কাজে ব্যবহৃত ম্যালওয়্যার সম্পর্কে সতর্ক করে দিয়েছে এফবিআই। হ্যাকিংয়ের ঘটনায় ব্যাপক পরিমাণ আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারে প্রতিষ্ঠানটি।

হ্যাকিংয়ের ঘটনায় চুরি হয়েছে ব্র্যাড পিট অভিনীত নতুন সিনেমা ‘ফিউরি’। হ্যাকাররা ফিউরির কপি ইন্টারনেটে পোস্ট করে দেওয়ার পর ২৩ লাখ বার অবৈধভাবে ডাউনলোড করা হয়েছে চলচ্চিত্রটি।

মুক্তির আগেই চুরি হয়েছে মিউজিকাল সিনেমা ‘অ্যানি’র রিমেকও। অ্যানির কপি ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছে ২ লাখ ৭৮ হাজার বার।  

হ্যাকাররা শুধু নতুন বা মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার কপি ফাঁস করে দিয়ে ক্ষান্ত হয়নি। সনি কর্মীদের বিভিন্ন বিব্রতকর মেমোও ফাঁস হয়েছে। ওই মেমোগুলোতে উঠে এসেছে বারবার একই ফর্মুলায় বানানো ব্যর্থ সিনেমা নিয়ে সনির নিজস্ব কর্মীদের বিরক্তি।

হ্যাকারদের ফাঁস করা অভ্যন্তরীণ ডেটায় উঠে এসেছে সনির কর্মীদের ভেতরের বৈষম্যও। কর্মীদের মধ্যে লিঙ্গ ও বর্ণভেদে বেতন ও সুযোগ সুবিধার দূরত্ব লক্ষণীয়। প্রতি বছর ১০ লাখ ডলার আয় করেন এমন ১৭ জন কর্মী আছেন সনি পিকচার্সে। এরমধ্যে কৃষ্ণাঙ্গ কর্মী একজন, আর নারী কর্মী একজন।

ফাঁস করা হয়েছে সনির ৩,৮০০ কর্মীর ব্যক্তিগত ডেটাও। এ সংক্রান্ত কম্পিউটার ফাইলগুলো পোস্ট করা হচ্ছে বিভিন্ন ফাইল-শেয়ারিং ওয়েবসাইটে। শুধু তাই নয় সনির প্লেস্টেশন নেটওয়ার্কের মালিকানাধীন সার্ভার ব্যবহার করে ফাইলগুলো শেয়ার করা হচ্ছে বলে নিশ্চিত হয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। যাকে বলা হচ্ছে ‘কাঁটা ঘায়ে নুনের ছিটা’ দেওয়ার মতোই।

হ্যাকাররা একশ টেরাবাইটেরও বেশি ডেটা চুরি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সানাব্রিয়া। এই অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তবে এ ব্যাপারে এখন মুখে কুলুপ এঁটে আছে সনি। ‘কম্পিউটার সিস্টেমে যান্ত্রিক ত্রুটি সমাধান করতে কাজ চলছে’-- বলা হয়েছে সনির আনুষ্ঠানিক বিবৃতিতে।