থ্রিডিতে ওবামা!
অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট এতকাল দ্বিমাত্রিক ছিলেন না, বরং বলা চলে নতুন করে ত্রিমাত্রিক হয়েছেন তিনি! এখন প্রেসিডেন্ট ওবামার থ্রিডি প্রতিকৃতির দেখা মিলবে স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ফেইস মাস্ক থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান প্রেসিডেন্টের থ্রিডি প্রিন্টেড মূর্তি বানাতে মাঠে নামেন স্মিথসোনিয়ানের গবেষকদল।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ প্রকল্পে ব্যবহার করা হয়েছে উচ্চশক্তিসম্পন্ন ১৬টি ক্যামেরা ও ৫০টি আলোক উৎস। বিভিন্ন অবস্থান থেকে প্রতি ক্যামেরায় ১০টি করে প্রেসিডেন্টের মোট ৮০টি ছবি তোলা হয়। ১ সেকেন্ড সময়ের মধ্যে তোলা হয় ছবিগুলো। আর এ জন্য প্রসিডেন্টকে বসে থাকতে হয়েছে মাত্র ৯০ সেকেন্ড।
এ ব্যাপারে স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের থ্রিডি ডিজিটাইজেশন প্রোগ্রাম কর্মকর্তা অ্যাডাম মেটালো বলেন, “এটি প্রেসিডেন্টের চেহারার শৈল্পিক প্রতিরূপ নয়, বরং এটি লাখ লাখ পরিমাপের পর বানানো থ্রিডি প্রতিকৃতি।”
