বিদ্যুৎ সমস্যার অভিনব সমাধান
বিদ্যুৎ সেবা বঞ্চিত এলাকায় বিদ্যুৎ সরবরাহে ব্যবহার করা যেতে পারে ল্যাপটপের ফেলে দেওয়া পুরনো ব্যাটারি। প্রচলিত বিদ্যুৎ শক্তির উৎসর তুলনায় সাশ্রয়ী এ ধরনের বাতিল ব্যাটারির ব্যবহার এমনকি বৈদ্যুতিক পণ্যের তেজষ্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার সহজ সমাধান হতে পারে।
এ বিষয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ল্যাপটপের ‘বাতিল’ ব্যাটারি ব্যবহারের সম্ভবনা নিয়ে গবেষণা করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। ওই গবেষণায় আইবিএমের বিশ্লেষকরা আবিষ্কার করেছেন, ল্যাপটপের পুরনো ব্যাটারিগুলোর মধ্যে ৭০ শতাংশের একটি এলইডি বাতি দৈনিক ৪ ঘন্টা করে টানা এক বছর জ্বালানোর মতো যথেষ্ট বিদ্যুৎ শক্তি আছে।
এলইডি বাতির মতো তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে এমন ডিসি ডিভাইসে বিদ্যুৎ সরবরাহের জন্য পুরনো ব্যাটারির লিথিয়াম-আয়ন সেল ব্যবহার করে এমন একটি ডিভাইস তৈরি করেছে আইবিএম, নাম দেয়া হয়েছে ‘আরজার’।
চলতি বছরে ভারতের ব্যাঙ্গালোরের বিদ্যুৎ শক্তির বিকল্প উৎস হিসেবে আরজারের ব্যবহার কতটুকু কার্যকর তা যাচাই করে দেখেছেন বিজ্ঞানীরা।
এই প্রকল্পের মাধ্যমে আপাতত ভারতের ৪০ কোটি বিদ্যুৎ সেবা বঞ্চিত জনগনকে সাহায্য করার পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট গবেষকরা।
ব্যাপক হারে উৎপাদন করলে প্রতিটি আরজার ডিভাইসের দাম ৬শ’ ভারতীয় রুপি হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তেজষ্ক্রিয় ই-বর্জ্য সমস্যা সমাধানে এ প্রকল্প কাজে আসবে বলে মনে করছেন তারা।
