প্রশান্ত মহাসাগরে নামল ওরিয়ন
সফল পরীক্ষামূলক অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্পেসশিপ ওরিয়ন। বৃহস্পতিবারে পরীক্ষামূলক উড্ডয়নের পর দুইবার পৃথিবীকে চক্কর দিয়ে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে মঙ্গল অভিযানের উপযোগী করে তৈরি মহাকাশযানটি।
বিবিসির দেয়া প্রতিবেদন অনুযায়ী, ওরিয়ন প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে পানিতে সফলভাবে অবতরণ করে। পরবর্তীতে মার্কিন নৌবাহিনীর সাহায্যে ওরিয়নকে উদ্ধার করা হয়।
স্থানীয় সময় ৭টা ৫ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ওরিয়নকে মহাশূন্যে প্রেরণ করা হয় একটি ডেলটা ফোর রকেটের মাধ্যমে।
তবে মঙ্গল যাত্রার ব্যাপারে আরও প্রযুক্তিগত অগ্রগতির প্রয়োজন বলে জানিয়েছেন নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্টোফান। “আরও উন্নত প্রযুক্তির উদ্ভাবন কেবল মার্কিন যুক্তরাষ্ট্র বা নাসার জন্য নয় বরং বিশ্বজুড়ে অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলোর জন্যেও একটি দরকারি বিষয়।”-- মন্তব্য করেন তিনি।
পৃথিবীকে দুইবার চক্কর দিয়ে ঘন্টায় প্রায় ৩০ হাজার কিলোমিটার গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে ওরিয়ন। বায়মণ্ডলে প্রবেশের পর ওরিয়নের নিচের অংশের তাপমাত্রা ২০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল বলে জানিয়েছে বিবিসি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০/২১ সাল নাগাদ যাত্রীসহ মহাকাশ যাত্রা করবে ওরিয়ন।
