২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ লাখ ডলারে নোবেল পদক

নিলামে ৪৮ লাখ ডলার দামে বিক্রি হয়েছে জেমস ওয়াটসনের নোবেল স্বর্ণ পদক। ডিএনএর গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন এই মার্কিন বিজ্ঞানী।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 06:35 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

১৯৬২ সালে নোবেল পুরস্কার হিসেবে তিনটি স্বর্ণ পদক পেয়েছিলেন জেমস ওয়াটসন, মরিস উইকিনস এবং ফ্র্যান্সিস ক্রিক এই তিন বিজ্ঞানী।

তাদের ওই আবিষ্কারের কারণেই ডিএনএর ডাবলহেলিক্স গঠনকে ওয়াটসন-ক্রিক মডেল বলা হয়।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জীবিতবস্থায় কোনো নোবেল জয়ীর নিজে পদক বিক্রির ঘটনা এটাই প্রথম। নোবেল পদক বিক্রির কারণ হিসেবে ওয়াটসনের ব্যাখ্যা-- ২০০৭ সালের এক স্বাক্ষাৎকারে ‘বর্ণবাদী’ মন্তব্যের কারণে বিজ্ঞানী সমাজ তাকে ‘একঘরে’ করে দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০০৭ সালে ব্রিটিশ সাপ্তাহিক সানডে টাইমসকে দেওয়া এক স্বাক্ষাৎকারে বর্ণ ও বুদ্ধিমত্তার মধ্যে সম্পর্কের কথা বলেছিলেন ওয়াটসন।

পদক বিক্রি করে পাওয়া অর্থের একটা অংশ বৈজ্ঞানিক গবেষণা ও দাতব্য সংস্থায় দান করবেন বলে জানিয়েছেন ৮৬ বছর বয়সী ওয়াটসন।

২০১৩ সালেই ফ্রান্সিস ক্রিকের নোবেল স্বর্ণ পদক বিক্রি হয়েছিল ২২ লাখ মার্কিন ডলারে। ২০০৪ সালে মারা যান ক্রিক।