২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদ্বন্দ্বীর গান মুছে দিয়েছে অ্যাপল

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে আইপড থেকে প্রতিদ্বন্দ্বী মিউজিক স্ট্রিমিং সার্ভিসের গান ইচ্ছাকৃতভাবে ডিলিট করে দেওয়ার অভিযোগ উঠেছে মার্কিন আদালতে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

আইটিউনস বাদে অন্য কোনো মিউজিক স্ট্রিমিং সেবার সঙ্গে আইপড সিঙ্ক করার চেষ্টা করলে ব্যবহারকারীদের তাদের ডিভাইস ফ্যাক্টরি সেটিংয়ে ফিরিয়ে নেওয়ার জন্য মেসেজ পাঠানো হত বলে আদালতে অ্যাপলের বিরুদ্ধে আইনজীবীরা অভিযোগ করেছেন। অ্যাপলের দাবি, বৈধ্য নিরাপত্তা ইসুর কারণেই এমনটা করা হত-- জানিয়েছে বিবিসি।

অ্যাপলের তৈরি আইপড বিশ্বব্যাপী জনপ্রিয়তম পোর্টেবল মিউজিক প্লেয়ার।

অ্যাপল ২০০৭ থেকে ২০০৯ সালে মধ্যে আইপড এবং আইটিনস বাজারে সমসাময়িক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি বেআইনিভাবে ঠেকানোর চেষ্টা করেছে কি-না, সেই অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে এখন ক্যালিফোর্নিয়ার আদালতে।

অ্যাপল ডিজিটাল মিউজিক প্লেয়ারের বাজারের একচ্ছত্র আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে মামলায়। এক দশকের বেশি সময় ধরে চলা এই মামলায় হারলে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে অ্যাপলকে।
তবে হ্যাকারদের আক্রমণ ও ম্যালওয়্যার সংক্রমণ ঠেকাতেই আইপডে অন্য মিউজিং স্ট্রিমিং সেবার গান ব্যবহার ঠেকানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন অ্যাপলের নিরাপত্তা বিভাগের প্রধান অগাস্টিন ফারুজিয়া।

আইপড ব্যবহারকারীদের কাছে পাঠানো মেসেজের ভাষা ‘ঘোলাটে’ হওয়ার কারণ ব্যাখ্যা করে তার দাবি, ব্যবহারকারীদের ‘বেশি তথ্য দিয়ে বিভ্রান্ত’ করতে চাননি তারা।

মামলায় তথ্য প্রমাণ হিসেবে উত্থাপন করা হয়েছে প্রয়াত অ্যাপল কাণ্ডারী স্টিভ জবসের ইমেইল। জবসের মৃত্যুর ছয় মাস আগে ধারণ করা একটি ভিডিও-ও দেখানোর কথা রয়েছে আদালতে।