২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে প্রস্তাবিত ‘গুগল ট্যাক্স’!

গুগলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর উপর নতুন করে ২৫ শতাংশ কর আরোপের প্রস্থাব করেছে দেশটির রাজস্ব বিভাগ। স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানগুলো যে মুনাফা করছে তার উপর আরও বেশি কর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাজস্ব্য বিভাগের শীর্ষ কর্মকর্তা জর্জ অসবর্ন।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 05:43 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের অনেক জায়গাতেই সাম্প্রতিক সময়ে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর উপর কর বাড়ানোর প্রস্তাব উঠেছে।

এ ব্যাপারে অসবর্ন বলেন, “জটিল কর ব্যবস্থার সুযোগ নিয়ে গুগলের মতো প্রতিষ্ঠানগুলো স্থানীয় বাজার থেকে মুনাফা উঠিয়ে আয়ারল্যান্ড এবং লুক্সমবার্গের মতো দেশগুলোতে নিয়ে যাচ্ছে যেখানে করের হার যুক্তরাজ্যের থেকে কম। এটা ব্রিটিশ প্রতিষ্ঠান এবং ব্রিটিশ নাগরিকদের জন্য সুবিচার নয়।”

নতুন হারে কর আরোপ শুরু হবে ২০১৫ সালের এপ্রিল মাস থেকে। এতে আগামী ৫ বছরে ব্রিটিশ সরকারের কর থেকে আয়ের পরিমাণ প্রায় ১৬০ কোটি ডলার বাড়বে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ইউরোপে গুগলের আরও বেশি কর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ফরাসী এবং জার্মান রাজনীতিবিদরা। ইউরোপে সার্চ ইঞ্জিন বাজারের ৮০ শতাংশই গুগলের দখলে। সমালোচনার মুখে পরেছে অ্যাপল ও ফেইসবুকের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও।

ব্রিটিশ সরকারের প্রস্তাবিত নতুন এই করের হার নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এক গুগল মুখপাত্র। তবে এই ঘটনায় সাম্প্রতিক সময়ে ইউরোপে গুগলের উপর চাপ আরও বাড়ল। নভেম্বরের শেষ সপ্তাহেই গুগলের সার্চ সেবা থেকে অন্যান্য সেবাকেন্দ্রিক ব্যবসা আলাদা করার প্রস্তাব উত্থাপন করেছিলেন ইউরোপের রাজনীতিবিদরা।