‘রিভেঞ্জ পর্ন’ আইনে প্রথম কারাদণ্ড
‘রিভেঞ্জ পর্ন’ আইন লংঘনের অভিযোগে লস অ্যাঞ্জেলসবাসী ৩৬ বছর বয়সী নোয়ে ইনিগেজ নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ক্যালিফোর্নিয়ার আদালত। ক্যালিফোর্নিয়ায় ২০১৩ সালের অক্টোবরে এই আইনটি পাশ করা হয়।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন এই আইনটির অধীনে ইনিগেজই প্রথম অভিযুক্ত ব্যক্তি।
ক্যালিফোর্নিয়ার রিভেঞ্জ পর্ন আইন অনুসারে, কাউকে মানসিক আঘাত দেওয়ার উদ্দেশ্যে নগ্ন বা যৌনতা রয়েছে এমন ছবি বা সেলফি পোস্ট করা নিষিদ্ধ।
বিবিসি’র তথ্য অনুসারে, লস অ্যাঞ্জেলসে বসবাসকারী ইনেগ্যাজ তার প্রাক্তন বান্ধবীর নিয়োগকর্তার ফেইসবুক পেইজে এ বছরের মার্চে ওই নারীর নগ্ন ছবি পোস্ট করেন এবং তাকে চাকরিচ্যুত করতে নিয়োগকর্তাকে প্ররোচিত করেন। এছাড়াও নিজ পরিচয় গোপন রাখতে ছদ্মনামের সাহায্য নেন ইনিগেজ।
২০১১ সালে ইনিগেজ ও তার সঙ্গিনীর চার বছরের সম্পর্কের অবসান ঘটলেও আক্রমনাত্মক টেক্সট মেসেজের কারণে ওই নারী ইনিগেজেরর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ‘রিস্ট্রেইনিং অর্ডার’ নিয়েছিলেন বলেই জানিয়েছে বিবিসি।
ইনিগেজকে এক বছরের কারাদণ্ডসহ ৩৬ মাস নজরদারীর মধ্যে থাকার রায় দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আইনজীবি মাইক ফুয়ের জানিয়েছেন, এই শাস্তির মাধ্যমে দৃঢ় বার্তা প্রকাশ পেয়েছে যে এ ধরনের ব্যবহার সহ্য করা হবে না। নতুন এই আইনটি হওয়ার ফলে এখন এজাতীয় বিশ্বাসঘাতকতার শিকার মানুষদের রক্ষা করতে পারবেন আইনজীবিরা।
বিগত দুই বছরে যুক্তরাষ্ট্রের মোট ১৩টি অঙ্গরাজ্যে ‘রিভেঞ্জ পর্ন’ আইন প্রণয়ন করা হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড এবং ওয়েলসেও এটিকে অপরাধ কর্মকাণ্ডের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
