হ্যাকার হুমকিতে সনি পিকচার্স
নভেম্বরের শেষ সপ্তাহে ডেটা হ্যাকিংয়ের শিকার হওয়ার পর বিশ্বব্যাপি অনলাইনে ছড়িয়ে পড়েছে সনি পিকচার্স প্রযোজিত পাঁচটি ছবি। এর মধ্যে আছে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যানি’ ছবিটিও। গার্ডিয়ান্স অফ দ্য পিস (জি.ও.পি) নামক হ্যাকারদের সংগঠনটি শর্ত না মানলে সনি পিকচার্সের আরও ‘সিক্রেট’ ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শনিবার সাইটটির কাছে একটি ইমেইল পাঠিয়েছে জি.ও.পি.। মেইলটিতে লেখা ছিল, “কিছুদিন আগে আমরা জানিয়েছিলাম যে অ্যানি, ফিউরি এবং স্টিল অ্যালিসসহ কিছু সংখ্যক সনি পিকচার্সের ছবি ওয়েবে ছেড়েছি। ইন্টারনেট সার্চের মাধ্যমে সহজেই ওগুলো পাওয়া যাবে। আপনাদের অজানা আরও অনেক তথ্য আছে আমাদের কাছে।”
প্রতিউত্তরে ম্যাশএবল ইমেইল পাঠালেও আর কোনো জবাব আসেনি বলেই জানিয়েছে সাইটটি।
মেইলে সনি পিকচার্সের অভ্যন্তরীন কর্মকাণ্ডের কিছু ডকুমেন্টের লিংক থাকলেও সেগুলোর উৎস ও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং অধিকাংশ ডেটাই কয়েক বছর আগের বলে জানিয়েছে ম্যাশএবল।
এ প্রসঙ্গে সনি পিকচার্সের এক মুখপাত্র জানিয়েছেন, “সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের কনটেন্ট চুরি একটি অপরাধ এবং আমরা এর সমাধানের জন্য আইন প্রয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”
মুক্তির নির্ধারিত সময়ের আগেই অনলাইনে চলে আসা সনি পিকচার্সের চলচ্চিত্রগুলো হচ্ছে ফিউরি, অ্যানি, মিস্টার টার্নার, স্টিল অ্যালিস এবং টু রাইট লাভ অন হার আর্মস।
