২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস দিবসে অ্যাপলের ‘লাল’ লোগো

বিশ্ব এইডস দিবসকে সমর্থন জানাতে অস্ট্রেলিয়ার সিডনি স্টোরে নিজ লোগোর রং লাল-এ পাল্টে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সোমবার প্রতিষ্ঠানটির জাপান, হংকং, চীনসহ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের স্টোরগুলোতেও লাল রংয়ের এই অ্যাপল লোগো দেখা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 06:02 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ২০১২ সাল থেকে যৌথভাবে প্রোডাক্ট রেডের ২৪ ঘন্টার এইডস সচেতনাতামূলক ক্যাম্পেইনের সঙ্গে প্রতিশ্রুতি বজায় রেখে কাজ করছে অ্যাপল।

এ বছরও প্রতিশ্রুতি রাখতেই রোববার বিকেলে নিজেদের সিডনি স্টোরের লোগোর রং ‘লাল’ করে দেয় প্রতিষ্ঠানটি। বিশ্ববাসীর মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বে সর্বপ্রথম সিডনি স্টোরেই অ্যাপলের লোগোর রং পরিবর্তিত হতে দেখা গেছে বলে জানিয়েছে ম্যাশএবল।

অ্যাপল নভেম্বরের ২৬ তারিখ জানিয়েছিল, এবারের ক্যাম্পেইনে ডিসেম্বরের ৭ তারিখ পর‌্যন্ত ২৪টি রেড কন্টেন্ট অ্যাপ কেনা যাবে এবং এ থেকে প্রাপ্ত সকল অর্থ এইডস মোকাবেলার জন্য বৈশ্বিক তহবিলে সরাসরি দান করা হবে। এছাড়া ডিসেম্বরের এক তারিখে যত অ্যাপল পণ্য বিক্রি হবে সেটিরও একটি অংশ দান করার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক এক বিবৃতিতে বলেছেন, অ্যাপল প্রোডাক্ট রেড-এর গর্বিত সমর্থক কারণ, তাদের বিশ্বাস কারো পক্ষে জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ উপহার দেওয়া সম্ভব নয়। এ পর‌্যন্ত রেড ক্যাম্পেইনে মোট সাড়ে সাত কোটি ডলার দান করেছে অ্যাপল।

বর্তমানে বিশ্বে তিন কোটি ৫০ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত, আর এইডসে ইতোমধ্যেই মারা গেছেন তিন কোটি ৯০ লাখ মানুষ। রেড ক্যাম্পেইন এইডসমুক্ত ভবিষ্যত বিশ্ব গড়ার চেষ্টা করছে এবং এইডসের প্রতিষেধক কার‌্যক্রম তহবিলে সাহায্যের লক্ষ্যে অ্যাপল, নাইকি, আমেরিকান এক্সপ্রেস, কোকা-কোলা এবং স্টারবাকসের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।