জব্দ দুই শতাধিক `জালিয়াত’ ডোমেইন
নকল পণ্য বিক্রির অভিযোগে এক সঙ্গে মোট দুইশ’ ৯২টি ওয়েব ডোমেইন জব্দ করেছে ইউরোপের পুলিশবাহিনী। ওয়েব ডোমেইন জব্দের খবর নিশ্চিত করেছে ইউরোপোল।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাইটগুলোতে স্পোর্টসওয়্যার, ইলেকট্রনিক্স, ওষুধ ও পাইরেটেড মুভি ও গানের মতো দ্রব্যাদি বিক্রি করা হচ্ছিল।
ডোমেইনগুলো ব্যবহার করে পরিচালিত ওয়েবসাইটে কপিরাইট অপরাধসংক্রান্ত পেইজ দেখানো হচ্ছে। ওয়েব ডোমেইন জব্দ হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে বিবিসি। তবে শীঘ্রই জড়িতদের গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে তদন্তের সঙ্গে জড়িত এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
ওয়েব ডোমেইন জব্দ করার অভিযানে অংশ নেওয়া ইউরোপের ‘ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস কোঅর্ডিনেশন সেন্টার’-এর ভারপ্রাপ্ত পরিচালক ব্রুস ফোকার্ট এ প্রসঙ্গে বলেন, “এসব জালিয়াতরা বিভিন্ন উৎসবের সুযোগে যেকোনো স্থানের গ্রাহকদের কাছে স্বল্পমূল্যে নকল পণ্য বিক্রি করত। এসব জালিয়াতদের হাত থেকে নিজের পরিবার ও আর্থিক অবস্থান নিরাপদ রাখতে ভোক্তাদের সতর্ক হওয়া প্রয়োজন।”
২০১২ সালের নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত এক হাজার আটশ’ ২৯টি ডোমেইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপোল।
