ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিএসই উৎসব
বেসরকারী বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজন করেছে ‘সিএসই উৎসব ২০১৪’। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিএসই উৎসব। উৎসবে ‘ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট’ এবং ‘প্রোজেক্ট শোকেসিংয়ে’ অংশ নিতে পারবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইনোভেটিভ আইডিয়া কনটেস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয়ভাবে আইডিয়া জমা দিতে পারবে এবং প্রজেক্ট শোকেসিংয়ে তৈরি প্রোজেক্ট প্রদর্শন করতে পারবে।
এছাড়াও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিতর্ক প্রতিযোগিতা, আইটি অলিম্পিয়াড এবং গেইমারদের জন্য গেইমিং প্রতিযোগিতা থাকবে। প্রযুক্তিবিদদের অংশগ্রহনে সেমিনার ও ওয়ার্কশপেরও আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আরও থাকবে তিনদিনের আইসিটি ফেয়ার।
সিএসই উৎসবের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনের জন্য অনলাইনে wubcsefest.org ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৮ই ডিসেস্বর।
