সনির পরীক্ষামূলক ই-পেপার হাতঘড়ি
প্রযুক্তি এবং ফ্যাশনের সমন্বয় ঘটিয়ে ই-পেপার থেকে সনি তৈরি করল এফইএস হাতঘড়ি। স্বল্প নকশা আর একরঙা ডিভাইসগুলোতে থাকবে স্মার্টওয়াচের সব সুবিধা। এছাড়াও দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চার্জ থাকবে একটানা প্রায় ৬০ দিন।
বিবিসির দেয়া তথ্য অনুযায়ী, হাতঘড়িটির সম্মুখভাগ এবং স্ট্র্যাপে ই-পেপার সংযুক্ত থাকে। ই-পেপার ডিসপ্লেকে অনেকটা অ্যামাজন কিন্ডল ই-বুক রিডারের সঙ্গে তুলনা করা যায়। ই-পেপারের কারণে হাতঘড়িটির ডিজাইন বা স্টাইল সহজেই বদলে নেয়া যায়।
বর্তমানে অন্যান্য ডিভাইসের তুলনায় হাতঘড়িটি বেশ ভিন্নধর্মী বলে মনে করছেন গ্যাজেট বিশেষজ্ঞ স্টুয়ার্ট মাইলস। তার মতে আগামী বছর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ফ্যাশনের একটি বড় ভূমিকা থাকবে। স্টুয়ার্ট আরো বলেন, চারকোনা এবং বড় আকারের একটি ফোন আর হাতঘড়ির মতো পরিধেয় বস্তুর মধ্যে পার্থক্য হল, হাতঘড়িটি অবশ্যই দেখতে ভালো হতে হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে `ফ্যাশন এন্টারটেইনমেন্ট’ জগতে ডিভাইসটি নিয়ে আরো কাজ চালানোর জন্য হাতঘড়ির বিষয়টি গোপন রেখেছে সনি।
সনির এক মুখ্যপাত্র বিবিসিকে জানান, ‘ফ্যাশন এন্টারটেইনমেন্ট’ হল প্রতিষ্ঠানটির একটি নতুন বিভাগ যেখানে ই-পেপারের বিভিন্ন প্রোটোটাইপের উপর কাজ করা হচ্ছে।
‘ফ্যাশন এন্টারটেইনমেন্ট’ বিভাগটি মূলত ই-পেপারের বিভিন্ন ব্যবহার নিয়ে কাজ করছে। জুতা, টাই এমনকি চশমাতেও ই-পেপার সংযুক্তির ব্যাপারে গবেষণা চালাচ্ছে বিভাগটি।
