দেশেই দৃষ্টি প্রতিবন্ধীদের স্মার্ট ডিভাইস
হালের স্মার্টফোন বা ট্যাবলেট প্রযুক্তি নিয়ে বিশ্বব্যাপী যখন উন্মাদনা, প্রযুক্তির এই অগ্রগতির থেকে অনেকটাই বঞ্চিত বিশ্বব্যাপী দৃষ্টিপ্রতিবন্ধীরা। টাচ স্ক্রিনকেন্দ্রিক মোবাইল ডিভাইসগুলো সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের অনেক কাজই সহজ করে দিচ্ছে। কিন্তু এই প্রযুক্তিগুলো দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যবহারের উপযোগী করতে আন্তর্জাতিক ডেভেলপারদের কাজ নিতান্তই হাতেগোনা। এই দৃশ্যপটে যেন ‘নতুন প্রতিশ্রুতির বার্তাবাহী’ তিন বাংলাদেশি তরুণ উদ্ভাবক।
স্মার্টফোন প্রযুক্তি আর দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ার ভাষা ব্রেইলের মেলবন্ধনে অভিনব ডিভাইস ‘ই-ব্রেইল’ বানিয়েছেন তিন তরুণ উদ্যোক্তা, জোনায়েত হোসেন, সাইফুর রহমান এবং সামিউল হকের দল ‘রেনো-সায়েন্স’।
কী এই ই-ব্রেইল? কী-বা এর কাজ? উদ্ভাবকদের দাবি-- ই-ব্রেইল গ্লাভস হাতে পরে স্মার্টফোন বা ট্যাবলেটের টাচ সমতল স্ক্রিনে হাত বুলিয়েই লেখা পড়তে পারবেন একজন দৃষ্টিপ্রতিবন্ধী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিসে কথা হল ই-ব্রেইলের তিন নির্মাতার সঙ্গে। কথার ফাঁকে ফাঁকে ই-ব্রেইলের কার্যক্ষমতার ‘চাক্ষুষ প্রমাণ’-ও দিলেন তারা। তবে ই-ব্রেইল নিয়ে বিস্তারিত বর্ণনার আগে ‘ব্রেইল’-এর বিষয়ে পরিষ্কার ধারণা দরকার।
একদমই সহজ ব্যাখ্যায় বলা চলে, ব্রেইল হল দৃষ্টিপ্রতিবন্ধীদের ‘পড়ার’ ভাষা। ব্রেইলের অক্ষরগুলো আদতে আয়তাকার ‘সেল’। সেলগুলোর ভেতরে থাকা ডটের সংখ্যা আর অবস্থান নির্ধারণ করে অক্ষর।
ফেরা যাক ই-ব্রেইলে। খালি চোখে ই-ব্রেইলের প্রোটোটাইপটি দেখলে মনে হবে একটা বাইকার গ্লাভসে যেন জুড়ে দেওয়া হয়েছে বাড়তি কিছু সার্কিট আর তার। কিন্তু কাজের সময় ঠিকই চমকে দেবে এই গ্লাভস।
২০ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল হার্ডওয়্যার নির্মাণের প্রতিযোগিতা ‘মেইক-আ-থন’। প্রতিযোগিতায় তিন উদ্ভাবক অংশ নিয়েছিলেন ‘টিম রেনো-সায়েন্স’ নামে। প্রতিযোগিতার প্রথম স্থানটিও জিতে নিয়েছে ই-ব্রেইল।
টেক পাতার সঙ্গে আড্ডার ফাঁকে সামিউল হক জানালেন, পুরো ডিভাইসটা বানাতে খাটতে হয়েছে স্রেফ ৪৮ ঘণ্টা। ই-ব্রেইল নির্মাণের পেছনের ঘটনাও জানালেন তিনি। নির্মাতাদের প্রাথমিক পরিকল্পনা ছিল একটি রোবটিক হাত বানানোর, কিন্তু একদম শেষ মুহুর্তে যান্ত্রিক জটিলতার কারণে ‘রোবটিক আর্ম’-এর পরিকল্পনা বাদ দিতে হয়।
বাণিজ্যিক উৎপাদন ও এর সম্ভাবনার সঙ্গে উদ্ভাবকরা জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।
সাম্প্রতিক প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ২০১৫ সালে ভারতের আহমেদাবাদে আন্তর্জাতিক মেকারফেস্টে অংশ নেবে রেনো-সায়েন্স। এখন ই-ব্রেইলের দ্বিতীয় প্রোটোটাইপ নিয়ে কাজ চলছে বলে জানালেন নির্মাতারা। প্রতিযোগিতায় বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সামনে নিজেদের উদ্ভাবন তুলে ধরার ইচ্ছার কথা জানালেন তারা। আর আগে অবশ্য মাঠপর্যায়ে কার্যক্ষমতা পরীক্ষা করে দেখা হবে ডিভাইসটির। প্রাথমিক অবস্থায় দাতব্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে কিছু সংখ্যক ই-ব্রেইল ডিভাইস বিলি করার পরিকল্পনা আছে বলে জানালেন জোনায়েত।
“ভবিষ্যতে ই-ব্রেইলে দিক-নির্দেশনা ফিচার, যার মাধ্যমে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি কোন সুপার শপ বা শপিং কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ সহজেই শনাক্ত করতে পারবেন।”-- জানালেন জোনায়েত।
ব্র্যাক ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন জোনায়েত। সাইফুর এবং সামিউল পড়ছেন ওই একই বিশ্ববিদ্যালয়ের একই সিএসই বিভাগে।
মেকার ফেস্টের উদ্ভাবনী প্রযুক্তিখাতে উৎসাহী বিনিয়োগকারীদের নজর কাড়তে চেষ্টা করবেন বলে জানালেন রেনো-সায়েন্সর সদস্যরা। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রদের মাঝে বিনামূল্যে এ প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ভাবনাও আছে তাদের।
