২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত সহজবোধ্য করুন: ফেইসবুককে তাগাদা

যে কোনো সময় ব্যবহারকারীর মোবাইল ফোনের ক্যামেরা অ্যাকসেস করে ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে পারবে ফেইসবুক। সম্প্রতি এই সতর্কবার্তা জানিয়েছেন যুক্তরাজ্য সংসদের ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট কমিটি’র সদস্যরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 07:20 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি সোশাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোর ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ আরও সহজ ভাষায় উপস্থাপনের জন্য বলেছেন ব্রিটিশ সংসদ সদস্যরা। সাধারণ ব্যবহারকারীর জন্য সহজবোধ্য করে তথ্য সরবরাহের উদ্দেশ্যে নয় বরং মার্কিন আদালতে আইনি লড়াইয়ে নিজেদের অবস্থান নিরাপদ রাখার জন্য প্রতিষ্ঠানগুলোর বর্তমান ‘শর্ত আর নীতিমালা’ কঠিন ভাষায় উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তারা।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আর অ্যাপগুলো যেন ব্যবহারকারীদের ডেটার ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে তৎপর হয় সে জন্য নতুন নীতিমালা তৈরির জন্য ব্রিটিশ সরকারকে কাছে আহ্ববান জানিয়েছেন কমিটির সদস্যরা। আর ওই নীতিমালা মানতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তারা।

উদাহরণ হিসেবে ফেইসবুক অ্যাপের কথা বলেন সংসদ সদস্যরা। বিশ্বব্যাপী ২০ কোটিরও বেশি মানুষ ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করেন। কিন্তু অ্যাপটির ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’-এর সুযোগ নিয়ে সরাসরি ব্যবহারকারীর ডিভাইস অ্যাকসেস করতে পারবে ফেইসবুক কর্তৃপক্ষ। এমনকি সরাসরি ডিভাইসের ক্যামেরা ব্যবহার করে ছবি বা ভিডিও ধারণ করাও সম্ভব।

এ ব্যাপারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট কমিটির চেয়ারম্যান এবং সংসদ সদস্য অ্যান্ড্রু মিলার বলেন, “ব্যবহারকারীদের অনুভূতির নিয়ে ফেইসবুকের পরীক্ষা-নিরীক্ষার মতো ঘটনায় একটা বিষয় পরিষ্কার, ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ বক্সে টিক করাকে সহজেই যে কোনো কিছুতে সজ্ঞানে সম্মতি জানানো হয়েছে বলে চালিয়ে দেওয়া যায়। বেশিরভাগ মানুষই ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ না পড়েই টিক করেন, কারণ ওই লেখাগুলো এত লম্বা হয় আর এত কঠিন ভাষায় লেখা থাকে যে পুরো মর্মোদ্ধার করতে হলে যুক্তরাষ্ট্র থেকে আইনবিষয়ে ডিগ্রি থাকতে হবে একজন ব্যবহারকারীর।”