সাইবার অপরাধী ধরতে এয়ারপোর্টে
সাইবার অপরাধীদের চুরি করা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা এয়ারলাইন টিকেট ব্যবহারকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে এয়ারপোর্টে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। আর বিশ্বব্যাপী বিভিন্ন এয়ারপোর্টে এ ধরনের অভিযান চালাতে সাহায্য করেছে ইউরোপোল।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ধরনের অভিযানে ৪৫টি দেশের ৮০টি এয়ারপোর্ট থেকে মোট ১১৮ জন গ্রেপ্তার হয়েছেন।
ইউরোপোল জানিয়েছে, টিকেট জালিয়াতির কারণে এয়ারলাইনগুলোতে প্রতিবছর শতকোটি ডলারেরও বেশি ক্ষতি হয়। এই প্রসঙ্গে ইউরোপিয়ান এয়ারলাইন জালিয়াতিরোধক দলের মেটা ব্যাকম্যান জানিয়েছেন, প্রতিনিয়ত এয়ারলাইনগুলো টিকেট সংক্রান্ত এই জালিয়াতি রোধের চেষ্টা করছে এবং তাদের কাছেও এখন বিষয়টি পরিষ্কার যে তারা আদতে পরিকল্পিত অপরাধের শিকার।
ইউরোপোল জানিয়েছে, পুলিশ, এয়ারলাইন ও ক্রেডিট কার্ড প্রতিষ্ঠানের সমন্বয়ে গ্লোবাল এয়ারপোর্ট অ্যাকশন নামে পদক্ষেপের আওতায় এই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছিল। চুরি হওয়া কার্ডের মাধ্যমে কোন টিকেটটি কেনা হয়েছে ও তা কোথায় চেক-ইনে ব্যবহার করা হচ্ছে সে বিষয়টি চিহ্নিত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
এক বিবৃতিতে ইউরোপোল আরও জানিয়েছে, চুরি হওয়া ক্রেডিট কার্ড সংঘবদ্ধ অপরাধী দলগুলোকে মাদক চালান ও মানুষ পাচার পরিচালনায় সাহায্য করছে।
