২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিকানেক্ট চ্যালেঞ্জ’র শীর্ষ দশে বাংলাদেশি অ্যাপ

যানবাহনের ট্র্যাক রাখার একটি অ্যাপ যুক্তরাষ্ট্রের রিকানেক্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতার শীর্ষ দশে স্থান করে নিয়েছে, যেটি তৈরি করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান মনিকো টেকনোলজিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 11:54 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার মিনকো টেকনোলজিস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়,   “এটি দেশে তৈরি প্রথম অ্যাপ যেটি আন্তর্জাতিক  প্রতিযোগিতার  জন্য নির্বাচিত হল।”

বিজ্ঞান ও কারিগরি বিষয়ে সহায়তাদানকারী প্রতিষ্ঠান সিআরডিএফ গ্লোবাল ও আমেরিকার স্টেটস ডিপার্টমেন্ট যৌথভাবে রিকানেক্ট চ্যালেঞ্জের আয়োজন করে । 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনিকোর তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে থেকে একমাত্র এই অ্যাপটি ‘রিকানেক্ট চ্যালেঞ্জ’-এ অংশ নিতে নির্বাচিত হয়েছিলো।

রিকানেক্ট প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও কাজাখস্তান, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কাসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১২ টি দেশের ২৩০ টি প্রতিযোগী প্রতিষ্ঠান অংশ নেয়। তাদের মধ্য থেকে ১৩ টি প্রতিষ্ঠানের অ্যাপসকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য র্নিবাচিত করা হয়।

চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করার ক্ষেত্রে অ্যাপগুলোর বাজার আকর্ষণের সম্ভাবনা, মানুষের প্রয়োজনীয়তা ও  সমস্যা সমাধান করার সক্ষমতা এবং সরবরাহ করার দক্ষতা যাচাই করা হয়েছে।

ফাইন্ডার ট্র্যাকিং অ্যাপটি দিয়ে বন্ধু-বান্ধবদের ভেতরে লোকেশন সনাক্ত করা, বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে গাড়ি ব্যাবস্থাপনা, ট্যাক্সি ভাড়া করা এবং নৌ-ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা যাবে। এছাড়া এটি দিয়ে যানজটের অবস্থাও দেখা যাবে।

মনিকো টেকনোলজিস-এর পরিচালক এবং সিওও এম সাখাওয়াত সোবহান গোর্কি বলেন, “ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং অ্যাপটি মূলত ভেহিকল ট্র্যাকিং ডিভাইস ব্যবহারকারীদের কমিউনিটি গঠন ও সাধারণ ব্যবহারকারীদের ট্যাক্সি- সিএনজি-ট্রাক খুঁজে পেতে সাহায্য করছে।

“বিটিএস ব্যবহারকারীদের মধ্যে যারা অবসর সময়কে উর্পাজনের কাজে লাগাতে চান তারা এখান থেকে উপকৃত হতে পারবেন।”

আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে রিকানেক্ট চ্যালেঞ্জ-এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।