২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইস্পেসের ‘ব্ল্যাকমেইল’

বছর দশক আগে মাইস্পেসে পোস্ট করা হাস্যকর ও বিব্রতকর ছবিগুলোর কথা মনে আছে? ব্যবহারকারীরা ভুলে গেলেও মনে রেখেছে এক সময়কার জনপ্রিয় এই সোশাল নেটওয়ার্কিং সাইট। ব্যবহারকারীদের ফিরিয়ে আনতে মাইস্পেসের ‘তুরুপের তাস’ এখন ওই ছবিগুলোই!

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 06:28 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, নতুন-পুরনো মিলিয়ে ব্যবহারকারীদের পনের শ’ কোটি ছবি আছে মাইস্পেসের ডেটাবেইজে। ইমেইলের মাধ্যমে সেই ছবিসহ প্রোফাইলের লিংক পাঠিয়ে ব্যবহারকারীদের আবারও মাইস্পেসমুখী করতে চাইছে এই সোশাল মিডিয়া কর্তৃপক্ষ।

“মাইস্পেস ব্যক্তিগত অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে সব ব্যবহারকারীকে পুনরায় সক্রিয় করতে চেষ্টা করছে।”-- মন্তব্য করেছেন মাইস্পেসের এক মুখপাত্র।

গত কয়েক বছর ধরেই জনপ্রিয় সোশাল মিডিয়া হিসেবে হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টা করছে মাইস্পেস।

২০১১ সালে মার্কিন মিডিয়া কর্পোরেশন নিউজ কর্পের কাছ থেকে সাড়ে তিন কোটি ডলারের বিনিময়ে মাইস্পেসের স্বত্ব কিনে নেন মার্কিন সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেক ও স্পেসিফিক মিডিয়া। ২০১৩ সালে শুধু বিজ্ঞাপন খাতেই ২ কোটি ডলার খরচ করেছে ‘নতুন’ মাইস্পেস।

ব্যবহারকারীদের সক্রিয় করতে মাইস্পেসের এই পদ্ধতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করছেনে অনেক ব্যবহারকারী। এই কৌশল থেকে মাইস্পেস কতটা ইতিবাচক ফল পাচ্ছে তা এখন পরিষ্কার নয়। তবে অনলাইনে কিছু পোস্ট করার আগে ব্যবহারকারীদের যে সতর্ক হওয়া উচিত সেই ইসুটাই যেন আবারও মনে করিয়ে দিচ্ছে মাইস্পেস।