এসিএম-আইসিপিসি ঢাকায় বুয়েট প্রথম
এসিএম আইসিপিসি এশিয়া রিজিওনাল ঢাকা সাইট ইভেন্ট ২০১৪-এর অনলাইনভিত্তিক প্রাথমিক প্রতিযোগিতায় প্রথম স্থানসহ তিনটি স্থান পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল ৮ নভেম্বর।
এসিএম আইসিপিসি এশিয়া রিজিওনাল ঢাকা সাইট কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইনভিত্তিক প্রাথমিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮শ’ টিম। সেখান থেকে বিচারকদের রায়ে ৫৮টি বিশ্ববিদ্যালয়ের ১৩০টি দল প্রতিযোগিতার মূলপর্বে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
অনলাইন প্রতিযোগিতায় প্রথম ১০ দলের মধ্যে বুয়েট প্রথম স্থানসহ মোট ৩টি স্থান দখল করেছে। দ্বিতীয় স্থানসহ সেরা ১০-এর ৩টি স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সেরা ১০-এর মধ্যে আরও আছে শাবিপ্রবির ২টি দল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১টি দল এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ১টি দল। প্রতিযোগিতা মূল পর্ব অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ৫ ও ৬ তারিখ।
এবারের প্রতিযোগিতায় আয়োজক হিসেবে আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এসিএম আইসিপিসি এশিয়া রিজিওনাল ঢাকা সাইটের প্রতিযোগিতার মূলপর্বও অনুষ্ঠিত হবে বিউবিটি ক্যাম্পাসেই।
