যান্ত্রিক ত্রুটির কবলে অ্যাসাসিনস ক্রিড
ফ্রান্সের গেইম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটের জনপ্রিয় গেইম অ্যাসাসিনস ক্রিড: ইউনিটির গ্লিচ বা যান্ত্রিক ত্রুটির কারণে বাণিজ্যিক ঝুঁকির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। গেইমারদের অভিযোগ, সংবাদমাধ্যমে সমালোচনা তো আছেই, এমনকি ছাড় দিচ্ছে না প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরাও।
আলোচনা-সমালোচনা, নানা অভিযোগ আর নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে ১২.৮ শতাংশ।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাসাসিনস ক্রিড: ইউনিটি বাজারে ছাড়ার জন্য প্রস্তুতই ছিল না, এমনটাও শোনা যাচ্ছে বাজারে। যান্ত্রিক ত্রুটিগুলোর সমাধান করতে নতুন আপডেট নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে ইউবিসফট।
মঙ্গলবার কম্পিউটার, প্লে-স্টেশন ৪ এবং এক্স বক্স ওয়ান প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় অ্যাসাসিনস ক্রিড: ইউনিটি। সব প্ল্যাটফর্মের প্লেয়াররাই গেইমটির যান্ত্রিক ত্রুটির অভিযোগ করেছেন। পোস্ট করেছেন অসংখ্য স্ক্রিনশট ও ভিডিও।
গেইমস রিভিউ সাইট গেইমস্পটের যুক্তরাজ্যভিত্তিক সম্পাদক রব ক্রসলি বলেন, “যান্ত্রিক ত্রুটিগুলো এতই বাজে যে, তা প্রতিনিয়ত উপহাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান যদি সম্পূর্ণ ত্রুটিমুক্ত গেইম তৈরি করতে না পারে তবে স্বভাবতই প্রশ্ন উঠবে ওই প্রতিষ্ঠানের ভবিষ্যত নিয়ে।”
গেইমটি মুক্তির দিনেই সফটওয়্যার প্যাচ ইসু করেছিল ইউবিসফট। তাতেও শেষ রক্ষা হয়নি।
