ব্যক্তিগত ডেটা বিষয়ে সন্দিহান মার্কিনিরা
সাম্প্রতিক এক জরিপের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত তথ্য কী ভাবে সংগৃহীত হচ্ছে ও সেই ডেটা বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে ব্যবহার করছে, তার উপর সাধারণ গ্রাহকদের কোনো নিয়ন্ত্রণ নেই বলেই মনে করেন ৯১ শতাংশ মার্কিন নাগরিক।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের ওই জরিপের তথ্য অনুযায়ী, মার্কিনিদের উপর সরকারি নজরদারি বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন ৮০ শতাংশ ব্যবহারকারী।
ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো কী ভাবে তাদের ডেটা ব্যবহার করে সে ব্যাপারে অধিকাংশ গ্রাহকই সন্দেহ পোষণ করেছেন। বিজ্ঞাপনদাতা আর ব্যবসা প্রতিষ্ঠানের মতো তৃতীয় পক্ষের হাতে ডেটা চলে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ ব্যবহারকারী।
অনলাইনে বিভিন্ন সাইটের শেয়ার করা ব্যক্তিগত তথ্যের মধ্যে কতোখানি সরকারি নজরদারির মধ্যে পরছে সে বিষয়ে আশঙ্কিত ৭০ শতাংশ ব্যবহারকারী।
আর বিজ্ঞাপনদাতারা কী ভাবে সাধারণ ব্যবহারকারীদের ডেটা অ্যাকসেস করবে সেটার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের বলে মনে করেন ৬৪ শতাংশ ব্যবহারকারী।
সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন সাধারণ ব্যবহারকারীদের উপর মার্কিন সরকারের অনৈতিক নজনদারির গোপন নথি ফাঁস করার পর মার্কিন নাগরিকরা সরকারী নজরদারি নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জরিপের প্রতিবেদনের মূল লেখক মেরি ম্যাডেন।
এ ছাড়াও যোগাযোগের বহুলব্যবহৃত মাধ্যমগুলোর উপর মার্কিন নাগরিকরা আত্মবিশ্বাস হারিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।
