চলছে ‘ডার্কহোটেল’ ক্যাম্পেইন
হোটেল কক্ষে সাইবার আক্রমণের শিবার হচ্ছেন প্রযুক্তি পণ্যের বাজারের শীর্ষ উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা। ২০০৭ সাল থেকে চলছে এ ধরনের সাইবার আক্রমণের ঘটনা।
প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিদের উপর এই সাইবার আক্রমণকে ‘আখ্যা দেওয়া হচ্ছে ‘ডার্কহোটেল’ নামে। প্রতিশ্রুতিশীল কোনো উদ্যোক্তা বা প্রভাবশালী কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো কর্মকর্তা হোটেলের ওয়াই-ফাই বা ইথারনেট কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করলেই সাইবার আক্রমণের শিকার হচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
রাশিয়ান সাইবার সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কি জানিয়েছে, প্রযুক্তিশিল্পের সঙ্গে জড়িত শীর্ষ ব্যক্তিদের উপর সাইবার আক্রমণের ঘটনার মূল হোতা কারা সেটা এখনও নিশ্চিত না হলেও এটা নিশ্চিত যে সবগুলো ঘটনাই পূর্বপরিকল্পিত।
“সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে ভুক্তভোগীদের সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারা কখন কোথায় অবস্থান করছেন, কোন হোটেলে কী নামে থাকছেন সেই তথ্যগুলো পর্যন্ত জানা ছিল হ্যাকারদের। একজন ভ্রমণকারীর জন্য ইন্টারনেট যে কতোটা অন্ধকার আর বিপজ্জনক জায়গা হতে পারে সেই দৃশ্যপট তুলে ধরছে এই ঘটনা।”—মন্তব্য ক্যাসপারস্কি ল্যাবের।
সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সিংহভাগ আক্রমণের ঘটনাই ঘটেছে জাপানে। এ ছাড়াও তাইওয়ান, চীন, হংকং, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড ভ্রমণের সময়ও সাইবার আক্রমণের শিকার হয়েছেন বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা।
এ ধরনের সাইবার আক্রমণের ক্ষেত্রে ভুক্তভোগী হোটেলের ওয়াই-ফাই বা ইথারনেট থেকে ইন্টারনেট ঢুকলেই অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার, গুগল টুল বার বা উইন্ডোজ মেসেঞ্জারের মতো বহুল ব্যবহৃত সফটওয়্যারের নতুন আপডেট ইনস্টল করার জন্য নোটিফিকেশান পাঠায় হ্যাকার। ইনস্টলেশন ফাইল আসল হলেও তার সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘ডার্কহোটেল কোড’। আর ধরা পড়া ঠেকাতে থাকে সফটওয়্যার সার্টিফিকেট। বৈধ সফটওয়্যার সার্টিফিকেটগুলোর দুর্বল এনক্রিপশন ভেঙ্গে কপি করে নেয় হ্যাকাররা। তারপর ম্যালওয়্যার জুড়ে দেওয়া সফটওয়্যার প্যাকেট আসল বলে প্রমাণ করতে ব্যবহার করা হয় সেই সার্টিফিকেট।
একবার ওই ম্যালওয়্যার সংক্রমিত সফটওয়্যার প্যাকেজ ইনস্টল হয়ে গেলে কিলগার, ট্রোজান, ড্রপারসহ বিভিন্ন ম্যালওয়্যার আর ভাইরাসের সংক্রমণ ঘটাতে পারে হ্যাকার।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সাইবার আক্রমণে ভুক্তভোগীদের তালিকায় আছেন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান, ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান, প্রসাধণী উৎপাদক, গাড়ির ডিজাইনার, সামরিক ও অসামরিক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
