সাইকেলে ঘন্টায় ২০৭ মাইল!
বাইসাইকেলে ঘন্টায় ২০৭ মাইল বা ৩৩৩ কিলোমিটার গতি অর্জন করে রেকর্ড সৃষ্টি করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া জিসি, সময় লেগেছে মাত্র ৪ দশমিক ৮ সেকেন্ড। এরপর ঘন্টায় ২৫০ মাইল গতি অর্জনের পরিকল্পনা রয়েছে তার।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ৩২ বছর বয়সি প্রাক্তন বাসচালক জিসি ফ্রান্সের পল রিচার্ড রেসিং ট্র্যাকে এই রেকর্ড গতি অর্জন করেন। রকেটসজ্জিত বাইসাইকেলটির নাম “কামিকেজি ৫”। সাইকেলটি ডিজাইন করেছেন জিসির সুইস বন্ধু আর্নল্ড নেরাচার। ২০১১ সাল থেকে কয়েকটি দ্রুতগতিবিষয়ক পরীক্ষায় সাইকেলটির ভিন্ন ভিন্ন মডেল ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বর্তমান মডেলটিতে জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়েছে ঘণীভূত হাইড্রোজেন পারঅক্সাইড ও সিলভার। এই দুই রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ায় সৃষ্টি হয় তাপ ও পানি, যা জ্বলীয় বাষ্প আকারে বের হয়ে আসে রকেট নজল দিয়ে এবং সাইকেলটিকে গতিসঞ্চার করে। সাধারণ রকেট ইঞ্জিনের তুলনায় এই প্রক্রিয়াটি নিরাপদ, জানিয়েছে বিবিসি।
জিসির পরবর্তী লক্ষ্য ঘণ্টায় ২৫০ মাইল গতির রেকর্ড, তবে তার জন্য তৈরি করতে আরেকটি নতুন মডেলের সাইকেল। নতুন ওই মডেলটির নাম হবে “স্পাইন ক্রাশার”, ব্যবহার করা হবে হাইড্রোজেন পারঅক্সাইড ও কেরোসিন বা ভেজিটেবল অয়েলের মিশ্রণ। জিসির মতে মাত্র দুই সেকেন্ডেই ঘণ্টায় ২৫০ মাইল গতি অর্জন করবে স্পাইন ক্রাশার। তবে তার জন্য জিসির প্রয়োজন পৃষ্ঠপোষক।
বাইসাইকেল চালক কমিউনিটিতে মিশ্য প্রতিক্রিয়া পেয়েছে ফ্রাঁসোয়ার রেকর্ড। বিশেষজ্ঞদের মতে, সাধারণ সাইক্লিস্টদের মধ্যে বিপদজনক সাইকেল রাইডের দিকে নিয়ে যাবে রেকর্ডটি।
