২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নোকিয়া’ ছাড়াই আসছে লুমিয়া

আসছে নতুন লুমিয়া স্মার্টফোন। তবে ব্র্যান্ড নেইম হিসেবে থাকছে না ‘নোকিয়া’ নামটি। সম্প্রতি এক বিবৃতিতে নভেম্বর মাসেই ব্র্যান্ড নেইম হিসেবে ‘নোকিয়া’ বাদ রেখে সাশ্রয়ী নতুন লুমিয়া ৫৩৫ স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 01:23 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, লুমিয়া ৫৩৫ এবং লুমিয়া ৫৩৫ ডুয়াল সিম নামে দুটি মডেল আনছে মাইক্রোসফট। দুই স্মার্টফোনেই অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ ফোন ৮.১। এছাড়াও থাকবে ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে। নতুন লুমিয়া স্মার্টফোনের দাম দেড়শ ডলারের কম হতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।

চলতি বছরের এপ্রিলেই ৭২০ কোটি ডলারের বিনিময়ে ফিনল্যান্ডভিত্তিক মোবাইল ফোন ও নেটওয়ার্ক পণ্য নির্মাতা নোকিয়ার মোবাইল ফোন নির্মাণ বিভাগ কিনে নেয় মাইক্রোসফট। মালিকানা হাতবদলের পর বাজারে আসছে প্রথম লুমিয়া হ্যান্ডসেট। চুক্তির অংশ হিসেবে মাইক্রোসফটের অধীনে নির্মিত স্মার্টফোনে ‘নোকিয়া’ ব্র্যান্ড নেইম ব্যবহারের জন্য ১০ বছরের অনুমতি থাকলেও প্রথমেই বাদ পরলো মোবাইল ফোন জগতে বহুল পরিচিত এই নামটি।  

অন্যদিকে আগের বছরের তুলনায় বাজারে বিক্রি কমেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভিত্তিক স্মার্টফোনের। গবেষণা সংস্থা স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য অনুসারে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক বাজারের মাত্র ২.৭ শতাংশ উইন্ডোজ ফোনের দখলে ছিল যার সিংহভাগই লুমিয়া স্মার্টফোন। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৩.৮ শতাংশ।