২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক মেসেঞ্জারে ৫০ কোটি

২০১১ সালের অগাস্টে কেবল মেসেজ আদান-প্রদানের জন্য ফেইসবুক মেসেঞ্জার চালু করে জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। যাত্রার শুরুতে ইতিবাচক সাড়া পায়নি অ্যাপটি, পড়েছিল ব্যবহারকারীদের তোপের মুখে। তবে এখন ফেইসবুকের প্রায় অর্ধেক ব্যবহারকারীই নিয়মিত ব্যবহার করছেন এই অ্যাপ।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 06:15 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের জুলাইয়ে ফেইসবুকের মূল অ্যাপ থেকে মেসেজিং ফিচারটিকে পুরোপুরি আলাদা করে দেয় ফেইসবুক। মূল অ্যাপ থেকে মেসেজ দেখা গেলেও, মেসেজটি খুলতে ও জবাব দিতে প্রয়োজন মেসেঞ্জার অ্যাপটি।

আর এখন ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়মিত ফেইসবুক মেসেঞ্জার ব্যবহার করছেন বলে সোমবার ঘোষণা দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

ব্যবহারকারীদের সঙ্গে এক প্রশ্ন-উত্তর পর্বে ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, “কেবল মেসেজিংয়ের জন্য সম্পূর্ণ আলাদা একটি অ্যাপ ডাউনলোড করতে বলা অনেক বড় একটা চাওয়া। একটি নির্দিষ্ট কাজের জন্য বিশেষভাবে বানানো অ্যাপের অধিক জনপ্রিয়তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছিলাম আমরা। কারণ নির্দিষ্ট একটি কাজের উপর মনযোগী হওয়ায় দ্রুত কাজ করে অ্যাপগুলো।”

তিন বছরে ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেও সত্যিকার অর্থে প্রতিযোগিতায় এখনও তুলনামূলকভাবে পিছিয়ে আছে ফেইসবুক মেসেঞ্জার। চলতি বছরের অগাস্টে ফেইসবুকের দেয়া ঘোষণা অনুযায়ী, হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটি। প্রতিদ্বন্দ্বী তালিকায় আরও আছে অ্যাপলের আইমেসেজ ও স্যামসাংয়ের চ্যাটঅন।