বিলুপ্তির পথে মোবাইল অপারেটর!
অনেকটা চুপিসারেই প্রভাব বাড়ছে ওয়াই-ফাই প্রযুক্তির। ইদানিং মোবাইল ফোন থেকে ওয়াই-ফাই হটস্পট সার্চ করলে প্রায়ই দেখা যায় পাড়া প্রতিবেশীদের মধ্যেই দু’একজন ওয়াই-ফাই চালাচ্ছেন। ইউরোপ-আমেরিকায় তো বটেই, ঢাকায়ও এখন বিআরটিসি বাস রেস্টুরেন্ট, এমনকি কফির দোকানেও মেলে ওয়াই-ফাই সংযোগ।
ইমেইল আদান-প্রদান থেকে শুরু করে নেটফ্লিক্সে সিরিজ দেখা, ফেইসবুক ব্যবহার এমনকি ফোন কল আর টেক্সট মেসেজ পাঠাতেও এখন ব্যবহার করা হচ্ছে ওয়াই-ফাই সংযোগ। এমন পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কতোটা প্রয়োজনীয়, সেই প্রশ্ন তুলতেই পারেন একজন সাধারণ ব্যবহারকারী।
তবে কি বিলুপ্তির পথে আছে বর্তমান বাজারের প্রভাবশালী মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো? মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের মধ্যেই বাজারে একচ্ছত্র প্রভাব হারাতে পারে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলো।
একজন ব্যবহারকারী মোবাইল ফোন থেকে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহারের মাধ্যম হিসেবে ওয়াই-ফাই সংযোগ যত বেশি ব্যবহার করবেন, মোবাইল ফোন অপারেটরের পেছনে খরচ কমবে ততটাই।
ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং আর্থিক সেবার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ম্যাককারি গ্রুপের সম্প্রতি প্রকাশিত এক জরিপের ফলাফল অনুযায়ী, নিয়মিত ওয়াই-ফাই সংযোগ ব্যবহারকারীরা ওয়্যারলেস সংযোগে প্রতি মাসে গড়ে ৩০ ডলার খরচ সাশ্রয় করছেন।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াই-ফাই সংযোগের সহজলভ্যতার কারণে মোবাইল অপারেটরদের সংযোগ ছাড়াই দিব্যি মোবাইল ফোন ব্যবহার করছেন ইউরোপের অনেকেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও ওয়াই-ফাই সংযোগ ব্যবস্থা ইউরোপের মতো ব্যাপকভাবে ছড়িয়ে পরেনি।
তবে এটাও ঠিক যে ওয়াই-ফাই সংযোগের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ এখনও আছে। এই নিরাপত্তা ইসুর সমাধাণ হতে পারে উন্নত ডেটা এনক্রিপশন ব্যবস্থা। আগামী কয়েক বছরের মধ্যেই ওয়াই-ফাইয়ের নিরাপত্তা ইসু সমাধান হতে পারে বলে জরিপের প্রতিবেদনে জানিয়েছে ম্যাককারি গ্রুপ।
অন্যদিকে ওয়াই-ফাই সেবার বিস্তারে জোট বেঁধেছে শীর্ষস্থানীয় পশ্চিমা ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিকভাবে এক প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের নেটওয়ার্কের সংযোগ স্থাপন করছে প্রতিষ্ঠানগুলো।
ইউরোপ-আমেরিকার সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট তুলনা করলে বলতে হবে, এখনও বাংলাদেশে ব্যাপকহারে বিস্তার লাভ করেনি ওয়াই-ফাই সংযোগ ব্যবস্থা।
