ঢাকায় আসছে ‘ডিজিটাল বাংলাদেশের’ মাঠকর্মীরা
ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টারগুলোর প্রায় ১১ হাজার উদ্যোক্তাকে ‘সম্মানিত’ করতে রাজধানীতে সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই সম্মেলন উদ্বোধন করবেন বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, “ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করতে যে প্রযুক্তি যোদ্ধারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের আমরা সম্মানিত করতে চাই।
“গত চার বছর আগে যে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো যাত্রা শুরু করেছিল, সেগুলোই এখন ডিজিটাল সেন্টার নামে পরিচিতি। এগুলোর মাধ্যমে শুধু তথ্যই নয়, বরং সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য।”
সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন ৪ হাজার ৫৪৭টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার রয়েছে। এছাড়াও ৩২১টি পৌরসভা ও ১১ সিটি কর্পোরেশনের ৪০৭টি ওয়ার্ডেও রয়েছে ডিজিটাল সেন্টার।
এসব কেন্দ্র থেকে ৬০ ধরনের সরকারি-বেসরকারি সেবা নিতে পারছেন নাগরিকরা।
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “একমুখী অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে মধ্যম আয়ের দেশ হওয়া সম্ভব নয়। এজন্য আমাদের ট্রেড ডাইভার্সিটি প্রয়োজন।
“শ্রম নির্ভর অর্থনীতি থেকে মেধা ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে এ ডিজিটাল সেন্টারগুলো বিশেষ ভূমিকা রাখছে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
