নিয়ন্ত্রণ বাড়ছে নিউজ ফিডে
ব্যবহারকারীদের জন্য নতুন ‘নিউজ ফিড সেটিং মেনু’ উন্মোচন করেছে ফেইসবুক। এর ফলে ব্যবহারকারীরা তাদের নিউজ ফিডের কনটেন্ট ইচ্ছেমতো ‘নিয়ন্ত্রণ’ করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজ ফিডের নতুন সেটিংস মেনুর মাধ্যমে কোন বন্ধুদের পোস্ট ব্যবহারকারী সবচেয়ে বেশি দেখেন, আর কাদের আনফলো করে রেখেছেন সেটা একবারেই দেখা যাবে। আবারও আনফলো করা বন্ধুদের সঙ্গে ‘রিকানেক্ট’ করে তাদের কনটেন্ট নিজেদের নিউজ ফিডে ইচ্ছামত ফিরিয়েও আনতে পারবেন।
মার্কিন ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে ফেইসবুকের প্রোডাক্ট ম্যানেজার গ্রেগ মারার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের নিউজ ফিড সেটিংসে এক সপ্তাহের মধ্যে দেখা বন্ধু, পেইজ ও গ্রুপের তালিকা দেখতে পারবেন। সেখান থেকে তারা প্রয়োজনে কাউকে পুরোপুরি আনফলো না করেই নিজের অপ্রয়োজনীয় কনটেন্টে এড়ানোর জন্য নতুন সেটিংস মেনুর মাধ্যমেই দরকারি পরিবর্তন আনতে পারবেন।
শুক্রবার থেকে নতুন সেটিংস মেনু চালু হয়েছে ফেইসবুক অ্যাপ এবং ওয়েবসাইটে। আগামী কয়ে সপ্তাহের মধ্যে আরও বেশ কিছু কাস্টোমাইজেশন ফিচার যোগ হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
