কক্সবাজারে বিডিনগের দ্বিতীয় সম্মেলন
১১ থেকে ১৫ নভেম্বর বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিডিনগ আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা। পুরো আয়োজনে প্রথম দিন হবে বিডিনগ সম্মেলন আর চার দিন টেকনিক্যাল কর্মশালা। দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি কর্মশালা পরিচালনা করবে এপনিক ও আইক্যানের বিশেষজ্ঞরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডিনগ জানিয়েছে, চলতি বছরে সংগঠনটির নিয়মিত বার্ষিক সম্মেলনের দ্বিতীয়টি এটি। বিডিনগ সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশে উন্নত ইন্টারনেট সংযোগ ব্যবস্থা তৈরি করতে সহায়তা করাই সম্মেলনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন বিডিনগের সভাপতি চেয়ারম্যান নুরুল ইসলাম রোমান ।
১১ নভেম্বর কক্সবাজারের লং বিচ হোটেলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসাবে সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানিয়েছে বিডিনগ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আখতার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির ও বিডিনগ সভাপতি নুরুল ইসলাম রোমান।
১২-১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য কর্মশালায় টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য মাল্টি প্রটোকল লেভেল সুইচিং (এমপিএলএস) প্রযুক্তি ও ডিএনএস সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে বিডিনগ।
বিডিনগ অলাভজনক সংগঠন হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে ২০১৩ সালের ১ অক্টোবর থেকে।
