আসছে এলিট: ডেঞ্জারাস
১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে মহাকাশভিত্তিক গেইম এলিট: ডেঞ্জারাস। তবে বের হয়েই প্রতিযোগিতার তোপের মুখে পড়বে গেইমটি, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আশির দশকের জনপ্রিয় গেইম এলিটের চতুর্থ সংস্করণ এলিট: ডেঞ্জারাস। নভেম্বর ২০১২ তে গেইমটি তৈরির পরিকল্পনা নিয়ে ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহে নামে ফ্রন্টিয়ার ডেভেলপমেন্টস, লক্ষ্য ছিল ১৬ লাখ ডলার। গেইমটির নতুন এই ভার্সনটির প্রকাশক খুজে বের করতে কষ্ট হবার আশঙ্কা ছিল বলেই ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছি আমরা, বললেন গেইমটির ডেভেলপার দলের প্রধান ডেভিড ব্রাবেন।
তবে গেইম বাজারে প্রবল প্রতিযোগিতা মোকাবেলা করতে এলিটের নতুন সংস্করণটিকে। গেইমিং নিউজ সাইট পিসি গেইমস এন-এর ব্যবস্থাপনা পরিচালক জেমস বিনস বিবিসি-কে জানান, গেইমটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দী হতে যাচ্ছে ‘স্টার সিটিজেন’ গেইমটি। এলিটের মতো এই গেইমটিও ভক্তদের অর্থেই ডেভেলপ করছেন নির্মাতা ক্রিস রবার্টস। বাড়তি ফিটচার হিসেবে স্টার সিটিজেন-এ থাকছে মহাকাশযান থেকে বের হয়ে শত্রুদের বিরুদ্ধে বন্দুকযুদ্ধ।
আরেকটি প্রতিদ্বন্দী গেইম হল হ্যালো গেইমসের ‘নো ম্যানস স্কাই’। বিনস এর মতে, সত্যিকার অর্থে এলিটের অনুপ্রেরণা থেকে যদি কোন গেইম তৈরি হয়ে থাকে, তবে তা হল নো ম্যানস স্কাই।
তবে এই তিনটি গেইমকেই টেক্কা দিতে পারবে অনলাইন মহাকাশভিত্তিক গেইম ‘ইভ’।
সবধরনের প্রতিযোগিতাকেই স্বাগত জানিয়েছেন এলিট ডেঞ্জারাসের নির্মাতা ডেভিড ব্রাবেন। প্রাথমিকভাবে গেইমটির শুধু কম্পিউটার ভার্সন বের করছে ফ্রন্টিয়ার ডেভেলপমেন্টস, উদ্বোধনের তিন মাসের মধ্যে ম্যাক ভার্সন বের করারও পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।
