বন্ধ হল ‘সুইসাইড ওয়াচ’ রেডার
কেউ আত্মহত্যা করার আগেই টুইটারের মাধ্যমে তা শনাক্ত করার জন্য বিশেষ সেবাদানকারী প্রতিষ্ঠান সামারিটানসের বের করা অ্যাপ ‘সুইসাইড ওয়াচ’ সাময়িকভাবে বন্ধ করতে হল। অভিযোগ উঠেছে অযথা হয়রানিসহ এই সেবা একজন আত্মহত্যাপ্রবণ মানুষকে আরো ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে দেয়।
বিবিসিকে দেয়া এক বক্তব্যে সামারিটানসের নীতিনির্ধারক জোয়ে ফার্নস বলেছেন, ‘এ ব্যপারে আরো বিস্তারিত আলোচনার আগ পর্যন্ত আমরা আপটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
আত্মহত্যার লক্ষণ প্রকাশ করে এমন কোনো শব্দ বা লাইন একটি এলগরিদমের মাধ্যমে খুঁজে বের করাই এই আপটির কাজ। কেউ এধরনের শব্দ ব্যবহার করলে তার ফলোয়ারদের কাছে সতর্কতামূলক একটি ইমেইল প্রেরণ করা হয়। তবে অনেকে সাধারণভাবেই এধরনের শব্দ বা বাক্য ব্যবহার করে যার ফলে অকারণেই উদ্বেগের সৃষ্টি হয়। তাছাড়া এই অ্যাপ বন্ধুদের সাহায্য করতে দেয়া ছাড়াও উত্যক্তকারীদেরকে অপব্যবহারের সুযোগ এনে দেয়।
এছাড়াও নিরাপত্তা বিশেষজ্ঞরা সামারিটানস রাডার অ্যাপের ডেটা পর্যবেক্ষণের ব্যাপারটিকে ভাল চোখে দেখছে না। ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ডেটা প্রটেকশন অ্যান্ড ফ্রিডম অফ ইনফরমেশন অফিসারস’এর চেয়ারম্যান জন বেইনস মনে করেন, অ্যাপটি মানুষের গোপনীয়তার উপর কতটুকু প্রভাব ফেলবে তা মূল্যায়ন না করেই ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
হয়রানির শিকার হওয়াদের উদ্দেশ্যে ‘অনিচ্ছাকৃত’ ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করেছে সামারিটানস। তবে অ্যাপ বন্ধ করা হলেও ট্র্যাক করা ডেটা রেকর্ড পরীক্ষা বন্ধ রাখে নি প্রতিষ্ঠানটি।
‘আমরা আপটিকে আরো নিরাপদ এবং কার্যকর করে তোলার চেষ্টা করছি’।
