২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে ডেটার জন্য ‘আবদার’!

ছয় মাসে ফেইসবুক ব্যবহারকারীদের ডেটা হাতবদলের জন্য শীর্ষ সোশাল মিডিয়া প্রতিষ্ঠানটির কাছে ‘রাষ্ট্রীয় আবদার’ বেড়েছে ২৪ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যবহারকারীদের ডেটা হস্তান্তরের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে থেকে প্রায় ৩৫ হাজার আনুষ্ঠানিক ‘অনুরোধ’ পাওয়ার কথা প্রকাশ করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 06:24 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

বিবিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, একই সময়ে স্থানীয় আইনের বাধ্যবাধকতার কারণে ‘রেস্ট্রিকটেড’ করে দেওয়া ‘কনটেন্টে’র হার বেড়েছে ১৯ শতাংশ।

একদিকে বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ডেটা হস্তান্তরের আবেদন যেমন বাড়ছে অন্যদিকে আইনি লড়াইও চলছে আদালতে। একসঙ্গে ৪শ’ ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করার জন্য আদালত থেকে নির্দেশ পেয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। এখনও চলছে সেই আইনি লড়াই।

এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে শীর্ষ সোশাল মিডিয়া কর্তৃপক্ষের বক্তব্য, “ডেটা সংগ্রহ করার জন্য ইসু করা ওয়ারেন্ট বাতিল করতে আমরা উচ্চতর আদালতে লড়াই করছি।”

গত কয়েক বছরে ব্যবহারকারীদের ডেটার নিরাপত্তা নিয়ে বিতর্কিত হয়েছে ফেইসবুক। অক্টোবর মাসেই গবেষণা প্রক্রিয়ায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি।