৬০ ভাগই ‘আর্থিক ম্যালওয়্যার’!
অগাস্ট ২০১৩ থেকে জুলাই ২০১৪ সময়ের মধ্যে ‘মোবাইল সাইবার থ্রেটস’ নিয়ে এক জরিপ চালিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবস আর ইন্টারপোল। জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ডিভাইসে সংক্রমণকারী ম্যালওয়্যারগুলোর মধ্যে ৬০ ভাগই তৈরি করা হয়েছে ব্যবহারকারীর অর্থ চুরির উদ্দেশে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাসপারস্কি ল্যাবস জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই সাইবার অপরাধীদের লক্ষ্য ছিল রাশিয়ার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা। এছাড়াও আক্রমণের শিকার হয়েছেন ইউক্রেন, স্পেন, যুক্তরাজ্য, ভিয়েতনাম, মালয়েশিয়া, জার্মানি, ভারত ও ফ্রান্সের নাগরিকরা।
জরিপ চলাকালীন বিশ্বব্যাপী ৫ লাখ ৮৮ হাজার অ্যান্ড্রয়েড ওএস ব্যবহারকারী এ ধরনের ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছেন। এই সংখ্যা আগের ১২ মাসের তুলনায় ছয়গুণ বেশি।
সিংহভাগ ক্ষেত্রে সাইবার অপরাধীরা ‘ট্রোজান এসএমএস ম্যালওয়্যার’ ব্যবহার করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্যাসপারস্কি ল্যাব। ব্যবহার করা হচ্ছে ‘ট্রোজান ব্যাংকার ম্যালওয়্যারও’। এই দুই ম্যালওয়্যারের মাধ্যমে একজন ব্যবহারকারীর ইউজার নেইম এবং পাসওয়ার্ডসহ যাবতীয় ব্যাংকিং ডেটা চুরি করে নিতে পারে একজন হ্যাকার।
