ডিসেম্বরে মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার
দেশের সেরা মোবাইল কন্টেন্ট ও উদ্ভাবনী অ্যাপ্লিকেশন নির্মাতাদের জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৪ প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ঢাকায় চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সেরা নির্মাতাদের হাতে তুলে দেওয়া হবে সাড়ে ১০ লাখ টাকার পুরস্কার ও বিশেষ সন্মাননা স্মারক।
মোবাইল অ্যাপ্লিকেশন শিল্প বিস্তারের লক্ষ্যে এই আয়োজন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
জাতীয় পুরস্কার পেতে আগ্রহীদের ডেভেলপারদের নভেম্বর মাসের মধ্যে তাদের অ্যাপ জমা দিতে হবে।
মোবাইল অ্যাপগুলো মূল্যায়ন করে বিশেষজ্ঞরা আট জন বিজয়ী নির্বাচন করবেন। নিজেদের অ্যাপ প্রদর্শনের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-তে আমন্ত্রন পাবেন বিজয়ীরা। এছাড়াও বিজয়ীরা ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড-২০১৫: মোবাইল কনটেন্ট গ্লোবাল কংগ্রেস’-এ সরাসরি অংশগ্রহনের সুযোগ পাবেন। ২০১৫ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার যে কোনো কোম্পানি, প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য উন্মুক্ত বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। স্মার্টফোন, ট্যাবলেট, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ব্লাকবেরি, জেটুমি প্লাটফর্মে কার্যকর অ্যাপ্লিকেশন গ্রহন করা হবে। অংশগ্রহণকারীদের পূর্ণাঙ্গ অ্যাপ জমা দিতে হবে, কোনো পরীক্ষামূলক বা অসম্পূর্ণ অ্যাপ গ্রহণ করা হবে না বলেই জানিয়েছে মন্ত্রণালয়।
