২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে যাচ্ছে অভিযাত্রিক

গাড়ির জ্বালানী দক্ষতা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা শেল ইকো-ম্যারাথনের মূল পর্বে অংশ নেওয়ার জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘অভিযাত্রিক’। প্রতিযোগিতার প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ার পর এখন কাজ চলছে বিডি-৭১ এর মূল সংস্করণ তৈরির কাজ নিয়ে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:29 PM

Updated : 13 Oct 2022, 12:43 PM

প্রতিযোগিতার প্রাথমিক পর্যায় উত্তীর্ণ হওয়া মডেলটি ছিল ‘বিডি-৭১’ এর ডেমো ভার্সন। আর এখন বিডি-৭১ এর মূল সংস্করণ তৈরিতেই ব্যস্ত অভিযাত্রিক দলের সদস্যরা। নভেম্বর মাসে দেশের রাজপথে ‘বিডি-৭১’ মূল ভার্সনের অভিষেকের লক্ষ্য তাদের।

‘বিডি-৭১’ মূল সংস্করণের রোড টেস্টের পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন অভিযাত্রিকের দলনেতা হাসান ইমাম শুভ। এতে সম্পূর্ণ দেশিয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে নমনীয় স্টিল, অ্যালুমিনিয়াম আর ওজন সাশ্রয়ী মজবুত ফাইবার। সেই সঙ্গে গাড়ির চালক আর আরোহীর নিরাপত্তা বাড়াতে রাখা হয়েছে ‘ইমার্জেন্সি সুইচ অফ’ ব্যবস্থা।

শেল ইকো-ম্যারাথনের চূড়ান্ত পর্যায়ে বিজয়ী নির্ধারণে দুটি বিভাগে যাচাই বাছাই করা হবে জানিয়েছেন শুভ। ম্যানিলায় অনট্র্যাক বিভাগে তিনদিনব্যাপী গাড়ির জ্বালানী দক্ষতা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় পরীক্ষা করা হবে। এছাড়া অফট্র্যাক বিভাগে দলের প্রচারণা পর্যবেক্ষণ করা হবে।

‘বিডি ৭১’ নিয়ে বহুমুখী প্রচরণার পরিকল্পনা আছে বলে জানান শুভ। আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাড়িটির প্রযুক্তিগত বিষয় নিয়ে ফেস্টিভাল এবং ডিসেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বিডি-৭১’-এর কারিগরি দিক নিয়ে ক্যাম্পেইন করা হবে জানিয়েছন তিনি।