দুই বছরে ‘মাইনক্র্যাফ্ট শহর’
টানা দুই বছর ভিডিও গেইম মাইনক্র্যাফট খেলেছেন ১৯ বছরের মার্কিন শিক্ষার্থী ডানকান পার্সেলস। ৪৫ লাখ ব্লক ব্যবহার করে গেইমের ভেতরেই তৈরি করেছেন নিজের শহর ‘টাইটান সিটি’।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক সিটির অনুকরণে শহরটি তৈরি করেছেন পার্সেলস। তার এই ‘টাইটান সিটি’তে আছে ৯৬টি ভবন। এদের মধ্যে প্রথম ভবনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আদলে তৈরি। বানাতে ১৮ মাস সময় লেগেছে বলে বিবিসিকে জানান ডানকান।
তবে আধুনিক ধাঁচের ভবনগুলোর চাইতে পুরানো ভিকটোরিয়ান ধাঁচের ভবনগুলোই বেশি প্রিয় পার্সেলসের। প্রতি সপ্তাহে গড়ে ৫ ঘন্টা করে এই শহরে সময় দিয়েছেন তিনি।
পার্সেলসের তার টাইটান সিটি তৈরি করেছেন মাইনক্র্যাফ্টের এক্সবক্স ৩৬০ ভার্সনে। তবে এখন সেটা নিয়ে এসেছেন কম্পিউটার ভার্সনে। তার মতে, গেইমটির কম্পিউটার ভার্সনে নির্মাণ সুযোগ বেশি।
স্থাপত্যবিদ্যাপ্রেমী পার্সেলসের টাইটান সিটি ভালো সাড়া পেয়েছে অনলাইনে। প্রতিদিন অসংখ্য গেইমার আসছেন তার টাইটান সিটিতে, সাহায্য করছেন শহরটির উন্নয়নেও।
